ম্যাচ চলাকালীন আক্রমণাত্মক আচরণের জন্য শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফুটবলপাড়ায় বিতর্ক, অপরাধের তুলনায় তুলনামূলক কম শাস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস।
আরএফআইএফের ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারতেন ভিনিসিয়ুস। একই অপরাধে অতীতে চার ম্যাচ নিষেধাজ্ঞার নজীরও আছে। সে হিসেবে শাস্তি কম হয়ে গেছে ভিনিসিয়ুসের। তেমন দাবিই করেছে স্পেনের প্রথম সারির গণমাধ্যম এল মুন্দো দেপোর্তিভো।
লা লিগায় গত ৪ জানুয়ারি ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে স্বাগতিকদের গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে আঘাত করেন ভিনিসিয়ুস।
সে ঘটনায় ভিনিসিয়ুসের শাস্তি অবধারিত হওয়ায় আগেই আপিল করে রিয়াল মাদ্রিদ। এরপরও রেহাই মিললো না ভিনিসিয়ুসের। যদিও আবেদনের প্রেক্ষিতে শাস্তি কমেছে তার। সব প্রতিযোগিতায় নয়, ভিনিসিয়ুসের এই শাস্তি কেবল লা লিগার জন্য সীমাবদ্ধ রেখেছে আরএফইএফ।
তাই আগামী ১০ জানুয়ারি সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে মাঠে নামতে বাধা নেই ভিনিসিয়ুসের। শাস্তি অনুযায়ী, এই উইঙ্গারকে লা লিগায় লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে পাবে না রিয়াল মাদ্রিদ।