নারী ক্রিকেটে রেকর্ডের ঝড় দেখল ক্রিকেট বিশ্ব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি ৪৩ রানে জিতেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে গেছে রেকর্ড আর দুর্দান্ত সব কীর্তি। ম্যাচে হওয়া রেকর্ডগুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
৭৮১
ম্যাচে মোট রান হয়েছে ৭৮১। ৪৭.৫ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া করেছে ৪১২ রান। তাড়া করতে নেমে ভারত ৪৭ ওভারে অলআউট হয়েছে ৩৬৯ রানে। এই রান নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে উঠেছিল ৬৭৮ রান।
৪১২
নারী ওয়ানডেতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ রান ৪১২। দুটি কীর্তিই অস্ট্রেলিয়ার দখলে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে ৪১২ রান করেছিল তারা। যে ম্যাচে ছেলেমেয়ে মিলিয়েই ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক।
৩৬৯
নারী ক্রিকেটে রান তাড়ায় নেমে করা ভারতের ৩৬৯ রানই এখন সর্বোচ্চ। আগের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার, গত বছর বেঙ্গালুরুতে ভারতের ৩২৫ রানের জবাবে প্রোটিয়ারা থামে ৩২১ রানে।
বাউন্ডারির সেঞ্চুরি
ম্যাচে দুই দল মিলিয়ে মোট বাউন্ডারি হাঁকিয়েছে ১১১টি; ৯৯টি চার ও ১২টি ছক্কা। নারী ওয়ানডেতে বাউন্ডারির সেঞ্চুরি এই প্রথম। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারি ছিল ৯১টি।
মান্ধানার দ্রুততম
ভারতের স্মৃতি মান্ধানা ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫০ বলে, যা কিনা ছেলেমেয়ে মিলিয়েই ওয়ানডেতে ভারতের দ্রুততম সেঞ্চুরি। আর নারী ওয়ানডে ইতিহাসের যা দ্বিতীয় দ্রুততম। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিং।