সিডনি টেস্টে তো নিজে থেকেই বাদ পড়লেন রোহিত। তাতে তার বর্ণিল টেস্ট ক্যারিয়ার পড়ে গেছে হুমকির মুখে। এই ম্যাচ দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের টেস্ট লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কাটতে না পারলে ভারত পরের টেস্ট খেলবে ৬ মাস বিরতি দিয়ে। সেও পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ উইন্ডোতে। তখন নির্বাচকরা তাকে বিবেচনায় নাও রাখতে পারেন। এমনও হতে পারে রোহিত নিজেই না বলে দিতে পারেন টেস্ট ক্রিকেটকে।
কিংবদন্তি সুনীল গাভাস্কারও দিলেন তেমন ভবিষ্যদ্বাণী। লিজেন্ড ধারাভাষ্যকারের মতে, রোহিত নিজের শেষ টেস্ট খেলেছেন মেলবোর্নেই, ‘আমার ধারণা ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। আমার মনে হচ্ছে মেলবোর্ন টেস্টে রোহিত শর্মার শেষ ম্যাচ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হবে ইংল্য্যান্ড সিরিজ দিয়ে। তারা এমন কাউকে খুঁজছে, যে ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত খেলতে পারবে। ভারত ফাইনালে উঠবে কি উঠবে না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি এটাই করবে নির্বাচক কমিটি। তাতে করে সম্ভবত আমরা রোহিতকে শেষবার টেস্ট ক্রিকেটে খেলে ফেলতে দেখলাম।’
গাভাস্কারের সঙ্গে সুর মেলালেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীও, ‘যদি সামনে হোম সিজন থাকত, সে হয়তো খেলতে পারত। আমার মনে হয়, সে তার শেষ টেস্ট খেলে ফেলেছে। তার বয়স তো কম নয়, ৩৮ বছর। এমন না যে ভারতের তরুণ কোনো ভালো খেলোয়াড় নেই, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এখন গড়ে ওঠার সময়। এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু সবকিছুর সময় আছে।’