হোম > খেলা

নাটকীয় লড়াইয়ে অ্যাটলেটিকোকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের লড়াই জমে গেছে। ৯০ মিনিটের শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যাচ্ছে দলগুলো। উত্তেজনা, উন্মাদনার কোনো কমতি রাখেনি ইউরোপ সেরার এই প্রতিযোগিতা। এবার নাটকীয় লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যান্ডি রবার্টসনের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। এরপর দুই অর্ধে মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় অ্যাটলেটিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক।

ম্যাচের শুরুতেই জোড়া গোলের দেখায় পায় লিভারপুল। দুটিতেই সালাহ ম্যাজিক। চতুর্থ মিনিটে তার নেওয়া নিচু ফ্রি কিকে কেবল বলের দিক পাল্টে দেন অ্যান্ডি রবার্টসন। দুই মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজেই ব্যবধান বাড়ান সালাহ। বল পায়ে কারিকুরি করে রায়ান খাফেনবেখকের সঙ্গে ওয়ান-টু খেলে প্রতিপক্ষের তিন জনের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে ডিয়েগো সিমিওনের দল। জাকোমো রাসপাদোরির পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। এটা ছিল লক্ষ্যে তাদের দ্বিতীয় শট।

দ্বিতীয়ার্ধে আবারও এক গোল শোধ করে মাদ্রিদের দলটি। ৮১তম মিনিটে ইয়োরেন্তের দর্শনীয় গোলে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার। এই গোলের পর পয়েন্ট হারানোর শঙ্কা ঝেঁকে বসে। তবে লিভারপুলও পাল্টা আক্রমণ করে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নারে হেডে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক ফন ডাইক।

অন্য ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। জোড়া গোল করেছেন মার্কাস থুরাম।

ফলাফল

লিভারপুল ৩ - ২ অ্যাটলেটিকো মাদ্রিদ

আয়াক্স ০ - ২ ইন্টার মিলান

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা