ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। কিন্তু তারপরও ইহুদি রাষ্ট্রটি খেলে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। আর ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া নিষিদ্ধ হয়ে আছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। কিন্তু কেন? এর ব্যাখ্যা দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, ইসরাইল অলিম্পিক সনদ মেনে চলছে। যে কারণে ইসরাইলের খেলোয়াড়রা এখনো অলিম্পিক, বিশ্ব অ্যাথলেটিকস, ফুটবলসহ প্রায় সব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নিয়মিত।
অলিম্পিক সনদের ২৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে, প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটির দেশ শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরেই কর্তৃত্ব দেখাতে পারবে (যুদ্ধ করতে পারবে)। কিন্তু ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালান। দখল করে নেন ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, খেরসন ইত্যাদি আরো অনেক অঞ্চল। শুধু তাই নয়, রাশিয়ার অলিম্পিক কমিটি ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর ক্রীড়া ফেডারেশনকেও নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়েছে। এতে আন্তর্জাতিক ক্রীড়া সীমান্ত বদলে গেছে। অলিম্পিক সনদ ভেঙেছে।
অন্যদিকে ইসরাইল ২০২৩ সালের অক্টোবরে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ঠিকই। কিন্তু ইসরাইলের অলিম্পিক কমিটি কখনো ফিলিস্তিনের ক্রীড়া ফেডারেশনকে নিজেদের সঙ্গে যুক্ত করেনি। তার মানে ইসরাইল অলিম্পিক সনদ মেনে চলেছে।
রাশিয়ার সঙ্গে ভুক্তভোগী তাদের মিত্র দেশ বেলারুশও। দুদেশের খেলোয়াড়রা অলিম্পিক, বিশ্বকাপ, ইউরোর মতো বড় আসরে খেলার অনুমতি পাচ্ছেন না। দেশ দুটির ক্লাবগুলোকেও চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলতে দিচ্ছে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যদিও রাশিয়া-বেলারুশের খেলোয়াড়দের অলিম্পিক ও টেনিসে নিরপেক্ষ পতাকা নিয়ে খেলার অনুমতি রয়েছে।