বিসিবি সভাপতির অসদাচরণ, কাজের সুযোগ পাচ্ছেন না
তারা দুজন একই সঙ্গে একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ‘মানিক জোড়’ হিসেবেই পরিচিতি ছিলেন। সেই সখ্যতায় ভাটা পড়েছে! দুজনের মধ্যে আকস্মিকভাবে দুরুত্ব তৈরি হয়েছে। সেই দুুরুত্ব ও মন কষাকষির মাত্রা এতোই বেশি যে নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবিতে থাকতেই চাইছেন না। বলেছেন, কাজের পরিবেশ না থাকলে আমি বিসিবিতে থাকতে চাই না। সরে যাবো।
সম্প্রতি দুজনের মধ্যে বিসিবির প্রেসিডেন্ট বক্সে এক পরিস্থিতিতে উত্তপ্ত কথাবার্তা হয়েছে। সেই তর্কাতর্কির এক পর্যায়ে নাজমুল আবেদিন ফাহিমকে উদ্দেশ্যে করে ফারুক আহমেদ বলেন, ইউ আর অ্যাক্ট লাইক ফানি। বিসিবি সভাপতি হতে চান আপনি? আসেন বানাই দেই।’
ফারুক আহমেদের করা এই মন্তব্যের প্রেক্ষিতে নাজমুল আবেদিন ফাহিম খুবই হতাশ হয়েছেন। এই প্রসঙ্গে মিডিয়ায় নিজের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন ফাহিম। বলেছেন, বিসিবি সভাপতি সম্ভবত এই মুহুর্তে আর কনফিডেন্সে নিচ্ছেন না। তিনি যে কমেন্টস করেছেন আমার বিষয়ে তা শুনে আমি অবাক হয়েছি। হতাশও হয়েছি।’
এই প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বিস্তারিত ব্যাখ্যায় বলেন, 'ওই রকম একটা মন্তব্য আমি স্পেসেফিক বলতে চাই না। মন্তব্যটা কী ছিল। সেটা আমাকে খুবই ডিজঅ্যাপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে। যেটা শুনে অবাক হয়েছিলাম। ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই মোটেও আশা করি নাই সে রকম একটা কমেন্ট এবং সেটা অনেক মানুষের সামনে।'
ফাহিম আরও বলেন, 'আমার অনেক সময় মনে হয় বোর্ডে না থাকলে বোধহয় ভালো। কারণ বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ আলোচনা করতে পারি, সেটা বোর্ডে থেকে আমার পক্ষে করা সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে বোর্ডে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি তাহলে তার চেয়ে ভালো বাইরে থাকা। বাইরে থাকলে আমি হয়তো কী হতে পারে, না হতে পারে, কী হওয়া উচিত ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। সো বোর্ডে থাকাটা আমার জন্য খুবই জরুরি না।'
কোনো সন্দেহ নেই ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের মধ্যকার এই দ্ব›দ্ব বিসিবির বর্তমান কমিটির কাজকে আরো কঠিন করে তুললো। সম্ভবত বিশ্রী একটা সমস্যায় পড়ছে বিসিবি।