২৫ বছর পর ফের বেনফিকার কোচ হয়ে বড় জয়ে যাত্রা শুরু করলেন হোসে মরিনহো। পর্তুগিজ লিগের ম্যাচে এভিএস ফুটবলকে ৩-০ গোলে হারিয়েছে বেনফিকা। মাত্র দেড় ঘণ্টার কোচিংয়ে বাজিমাত করেছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ।
জয়ে শুরু করতে পেরে আনন্দিত মরিনহো, 'গতকালকে আমরা ঘণ্টা দেড়েক কাজ করেছি। ফুটবলারদের আমি ধন্যবাদ জানাই তাদের পেশাদারিত্বের জন্য, ক্লাবের প্রতি তাড়নার জন্য, পাশাপাশি তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, সেটির জন্য। আমরা যেভাবে কাজ করেছি, তারা সেটিকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছে, ব্যস।'
এক জয়েই তৃপ্ত নন তিনি, সামনে আরও জয় চান এই পর্তুগিজ কোচ, 'ম্যাচ হেরে গেলে পয়েন্টের দিক থেকে অবশ্যই তা বিপর্যয় হতো। জেতাটা অসাধারণ কিছু হয়তো নয়, তবে সবচেয়ে ভালো এটিই করতে পারতাম। বাজে একটি পরাজয়ের পর মনস্তাত্ত্বিক দিক থেকেও জয়টা জরুরি ছিল।'
এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পর্তুগিজ লিগে এখন দুইয়ে আছে বেনফিকা। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো।