পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব মূলত ওপেনিং ব্যাটার। কিন্তু এশিয়া কাপে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ সাইম জ্বলে ওঠলেন বল হাতে। আর তাতেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে বড় প্রভাব ফেললেন এই পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন সাইম।
সবশেষ হালনাগাদ করা র্যাংকিংয়ে সাইম চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসেন। অন্যদিকে, ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন হার্দিক।
এশিয়া কাপ ২০২৫-এ ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করলেও (৭ ইনিংসে মাত্র ৩৭ রান, চারটি শূন্য) বোলিংয়ে সাইম ছিলেন অসাধারণ। সাত ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন, গড় ১৬ এবং ইকোনমি মাত্র ৬.৪০।
অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের খুব বেশি প্রয়োজন হয়নি। বল হাতে ছয় ম্যাচে তিনি মাত্র চার উইকেট নিয়েছেন এবং চোটের কারণে ফাইনালেও খেলতে পারেননি।