প্রথম দফায় কাউন্সিল মনোনয়ন জমা দেওয়ার সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানানোর পর গত ১৮ সেপ্টেম্বর একটি চিঠি ইস্যু করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান। এই চিঠি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ হাইকোর্টে এই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট আবেদন করেন বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী।
আজ হাইকোর্টে শুনানি শেষে রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, 'দেখেন এখানে একটা প্রশ্ন এসেছে যে অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে থেকে যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে- আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র যেটি ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত আদালতের সামনে উপস্থিত করে বিশেষ করে ৯ অনুচ্ছেদ উল্লেখ করে বলেছি, সেখানে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের কোন বাধ্যবাধকতা এখানে নেই।'।'
তিনি আরও বলেন, 'নির্বাচনের তফসিল যেটা আছে, সেটা তো ঠিকই আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজকে সন্ধ্যা ৭ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। যেহেতু ১৮ সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের ইস্যুকৃত চিঠি যেহেতু স্থগিত হয়ে গেল, সুতরাং, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবিতে পৌঁছানো কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এটাই স্বাভাবিক। এজন্য নির্বাচন বাধাগ্রস্ত বা হবে না এমন কোন আশঙ্কা আমি দেখছি না।'