এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) গতকাল মিশ্র বিভাগে লেখা হয়েছে ব্যর্থতার গল্প। কম্পাউন্ড ও রিকার্ভ- কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখাতে পারেনি। আজ কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে স্বর্ণের জন্য লড়াই করবে বাংলাদেশ। সকালে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামের বিপক্ষে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ।
রিকার্ভ মিশ্র দলগত খেলায় রাকিব মিয়া ও সোনালী রায় ০-৬ সেটে কাজাখস্তানের জুটির কাছে হার মেনেছেন। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ও কুলসুম আক্তার মনি সিঙ্গাপুরের সঙ্গে প্রথম পর্যায়ে ১৫৪-১৫৪ স্কোরে ড্র করেন। টাইব্রেকারে দুদলের প্রত্যেকে একটি করে তীর ছোড়েন। এতে বাংলাদেশের স্কোর হয় ১৮ আর সিঙ্গাপুর স্কোর পেয়ে যায় ২০। সে সুবাদে বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর উঠে গেছে সেমিফাইনালে।
গত এশিয়া কাপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এবার কোনো ইভেন্টেই বাংলাদেশ সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি।