টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বিপক্ষে শেষ ম্যাচে ৪২ রানের দাপুটে জয়ে গ্রুপ সেরা হয়েছে ক্যারিবীয়রা। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন ডানহাতি পেসার শামার জোসেফ, ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। সেই সঙ্গে ফিল্ডিংয়েও দেখিয়েছেন অসাধারণ দক্ষতা। আর তাতেই একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে গড়েছেন বিরল কীর্তি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে চার উইকেট ও চার ক্যাচ নেওয়ার অনন্য কীর্তি গড়েন এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন জোসেফ। উইকেটকিপার ছাড়া কোনো ফিল্ডারের এক ম্যাচে চারটি ক্যাচ নেওয়ার তালিকায় নাম তুলেছেন তিনি। এই তালিকায় পঞ্চম তিনি। তার আগে এই তালিকায় নাম তোলা চারজন হলেন- জর্জ মুনসে, গ্লেন ম্যাক্সওয়েল, এইডেন মার্করাম ও ড্যারেন সামি।
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি শুরু থেকেই চাপে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২৩ রানেই অলআউট হয় তারা। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ, আর ইতিহাসে নিজের নাম আলাদাভাবে লিখে রাখেন শামার জোসেফ।