টপ অ্যান্ড টি-২০ সিরিজে পাকিস্তান শাহিনসের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ‘এ’ দল। রান পাহাড়ে চাপা পড়ে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ভালো শুরুর পরও ১৬.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জাতীয় দলের হয়ে খেলা সাত খেলার অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে নেমেছিল বাংলাদেশ। যাদের মধ্যে ছিলেন নাঈম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে এই দল নিয়েও লড়াই করতে পারেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডারউইনে টস জিতে পাকিস্তানের হয়ে ওপেনিং জুটিতে খাজা নাফি ও ইয়াসির খান ১১৮ রান যোগ করেন। দু’জনই ফিফটি তুলে নেন। তিনে নামা ব্যাটার আব্দুস সামাদও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন। চিটাগং কিংসের হয়ে বিপিএল মাতিয়ে যাওয়া ২৩ বছর বয়সী নাফি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
ইয়াসির ৪০ বলে ৬০ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাত চার ও দুই ছক্কা আসে। আব্দুস সামাদ ২৭ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি একটি চার মারলেও ছক্কা তোলেন পাঁচটি। এছাড়া ইরফান খান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। তাতেই বড় পুঁজি পায় শাহিনস।
বাংলাদেশের হয়ে -হাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯ ও রিপন মন্ডল ৪৫ রান খরচ করেও উইকেট শূন্য ছিলেন।
জবাব দিতে নেমে ওপেনার নাঈম শেখ (৫) শুরুতেই ফিরে যান। অন্য ওপেনার জিসান আলম ও তিনে নামা সাইফ হাসান ৮৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। এরপরই উইকেট হারানোর মিছিলে নামে বাংলাদেশ।
ওপেনার জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হন। সাইফ ৩২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করে আউট হন। আফিফ হোসেন ৬ ও নুরুল হাসান ২২ রান করে সাজঘরে ফেরেন। পরে অঙ্কন (৬), মাহফুজুর রাব্বি (৩) ও মৃত্যুঞ্জয় (২) ব্যর্থ হলে অলআউটের লজ্জায় ডোবে বাংলাদেশ ‘এ’ দল।
পাকিস্তানের হয়ে শান মাসুদ ৩০ ও ফয়সাল আকরাম ১৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। ওয়াসিম নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান শাহিনস: ২০ ওভারে ২২৭/৪ (ইয়াসির খান ৬২, খাজা নাফি ৬১, আবদুল সামাদ ৫৬*; হাসান মাহমুদ ১/৩৪, মাহফুজুর রহমান ১/৩৯)।
বাংলাদেশ 'এ' দল: ১৬.৫ ওভারে ১৪৮ (সাইফ হাসান ৫৭, জিশান ৩৩, নুরুল ২২; সাদ মাসুদ ৩/৩০, মোহাম্মদ ওয়াসিম ২/২৪)।
ফল: পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী।