সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। এর মাধ্যমে ১ ম্যাচ হাতে রেখেই কুড়ি ওভারের সিরিজ নিজেদের করে নিলো ব্ল্যাক ক্যাপসরা।
এর আগে নাটকীয়তায় ভরপুর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ রানে হারায় নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আগামী ২ জানুয়ারি মাঠে নামবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নেওয়ায় আসন্ন ম্যাচটি কেবলমাত্র নিয়মরক্ষার হয়ে থাকল লঙ্কানদের জন্য।
সিরিজ জেতার পথে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে নিউজিল্যান্ড। ২৯ বলে ৪২ রান করেন মার্ক চাপম্যান। ১৯ বলে ৪১ রান করেন মিচেল হে। সমান রান করতে ৩৪ বল খেলেন টিম রবিনসন।
জবাবে ১৯.১ ওভারে ১৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪৮ রান করেন কুশল পেরেরা। পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ রান।