ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে থাকা নিয়ে শঙ্কায় রিশভ পান্ত। পায়ের আঙুলের ইনজুরির জন্য তাকে নিয়ে দ্বিধায় আছে ভারত। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুধবারের সভায় সিদ্ধান্ত হবে পান্তকে নিয়ে।
সবশেষ ইংল্যান্ড সফরে লিডসে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান পান্ত। পরের তিন টেস্টে খেলেন একটি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস। গড়েন প্রথম সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রান করার কীর্তি।
এরপর চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে গুরুতর চোট পান পান্ত। স্ক্যানে ধরা পড়ে চিড়। তবে পরদিন ওই অবস্থায়ই দলের খুব প্রয়োজনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নেমে যান তিনি। শেষ টেস্টে খেলতে পারেননি পান্ত। তখন জানানো হয়, তার সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।