হোম > খেলা

ইউ জিদির দ্বৈত স্বর্ণজয়

দৃষ্টি এখন অলিম্পিকে

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে নিজের আধিপত্য অব্যাহত রেখেছেন চীনের ১৩ বছর বয়সি বিস্ময়কর সাঁতারু ইউ জিদি। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ০৬.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেছেন। এর আগে রোববার ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও ঝুলিতে পুরেন স্বর্ণপদক। পরে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টেও অংশ নেবেন তিনি।

টোকিও অলিম্পিক পুলের এই পারফরম্যান্সের পর এখন ইউ জিদির পরবর্তী লক্ষ্য বুদাপেস্টে হতে যাওয়া আগামী বছরের বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপ এবং দুই বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেখানে মুখোমুখি হবেন কানাডিয়ান অলিম্পিক তারকা সমার ম্যাকিনটশের।

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ইউ জিদির তোলা ২ মিনিট ০৬.১০ সেকেন্ডের সময়টি বিশ্বরেকর্ডধারী ম্যাকিনটশের রেকর্ড টাইমিংয়ের (২ মিনিট ০৫.৭০) কাছাকাছি। ২০২৪ প্যারিস অলিম্পিকে ম্যাকিনটশ তিনটি স্বর্ণপদক জিতেছিলেন এবং যে তিনটি ইভেন্টে জিদি প্রতিদ্বন্দ্বিতা করেন, সেগুলোর বিশ্বরেকর্ড বর্তমানে ম্যাকিনটশের দখলেই রয়েছে। ইভেন্টগুলো হলো—২০০ মিটার বাটারফ্লাই (২ মিনিট ০১.৬৫ সেকেন্ড), ২০০ মিটার ব্যক্তিগত মিডলে (২ মিনিট ০৫.৭০ সেকেন্ড) এবং ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে (৪ মিনিট ২৩.৬৫ সেকেন্ড)।

পরপর দুই দিন দুই ইভেন্টে স্বর্ণ জিতে যারপরনাই উচ্ছ্বসিত ইউ জিদি, ‘জয়ের অনুভূতি কখনোই পুরোনো হয় না। গতকালের মতোই আজও আমি সমান রোমাঞ্চিত। আমার কোচিং দলের সঙ্গে কঠোর অনুশীলনের ফলই আজকের এই টাইমিংয়ে প্রতিফলিত হয়েছে।’

রোববারের জয়ের পর বহু অভিনন্দনের বার্তা পেলেও নিজের মনঃসংযোগ ধরে রাখার কথা জানিয়ে যোগ করেন, ‘আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। নিজের কাজ এবং কঠোর অনুশীলন চালিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।’

ছোটবেলা থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চিনিয়েছেন এই উদীয়মান সাঁতারু। মাত্র ১২ বছর বয়সে গত বছর সিঙ্গাপুরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং রিলে ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ পদক। এছাড়া চলতি বছরের শুরুর দিকে চীনে এক প্রতিযোগিতায় ২০২৪ অলিম্পিকের রৌপ্যপদক বিজয়ী আমেরিকান সাঁতারু রিগান স্মিথকে ২০০ মিটার বাটারফ্লাইয়ে হারিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন।

১৯৫১ সালে নয়াদিল্লিতে শুরু হওয়া এশিয়ান গেমসের ইতিহাস বেশ পুরোনো হলেও অসম্পূর্ণ রেকর্ডের কারণে ইউ জিদি এই গেমসের ইতিহাসের সর্বকনিষ্ঠ স্বর্ণপদক বিজয়ী কি না, তা স্পষ্ট করতে পারেননি আয়োজকরা। এমনকি এবারের আসরেও তিনি সর্বকনিষ্ঠ প্রতিযোগী নন; ১১ বছর বয়সি জাপানি ই-স্পোর্টস খেলোয়াড় ইউকি কুরিহারাকে চলতি আসরের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে।

তবে বিশ্বমঞ্চে দ্রুত উঠে আসা ইউ জিদি ও সমার ম্যাকিনটশের মধ্যকার আসন্ন দ্বৈরথ বিশ্ব সাঁতারপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে।

**

নারী টেবিল টেনিসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

জাপান এশিয়ান গেমসে প্রথম ডোপিংয়ে নিষিদ্ধ থাই ব্যাডমিন্টন তারকা পিচামন

দুই সিরীয় তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প

হকিতে মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

কাবাডিতে স্বস্তির দিনে বাকি ডিসিপ্লিনে হতাশা

লিড নিয়েও মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের

তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা