এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তারা শিরোপার সঙ্গে পাচ্ছে প্রাইজমানিও। সেটা কত? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে উত্তর জানিয়েছে ইকোনমিক টাইমস।
প্রতিবেদনের বরাতে জানা গেছে, চ্যাম্পিয়ন হিসেবে ভারত পাচ্ছে তিন লাখ ডলার (প্রায় তিন কোটি ৬৪ লাখ টাকা)। পাকিস্তান পাচ্ছে এক লাখ ৫০ হাজার ডলার (প্রায় এক কোটি ৮০ লাখ টাকা)। তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কা পাচ্ছে প্রায় ৪০ লাখ টাকা। ।
আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে। সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরের চ্যাম্পিয়নরা ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার।