ভালো কিছুর আশা নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে পর্যাপ্ত প্রস্তুতি হয়নি তাদের। আদর্শ প্রস্তুতি না হওয়ার আক্ষেপ নিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দিবে বাংলাদেশের মেয়েরা। সেখানে দুইটি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে ভারতে আসবে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ভারতেই খেলবে তারা।
এই বিশ্বকাপের আগে কোন আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। সেটা নিয়ে আক্ষেপ ঝরল অধিনায়ক জ্যোতি কণ্ঠে, ‘অবশ্যই (বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো)। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। তবে আমি মনে করি, বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি আছে, সবগুলো আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি, সব সুযোগ-সুবিধা পেয়েছি। চেষ্টা তো করা হয়েছে। তবে যেটা হয়নি, সেটা নিয়ে চিন্তা করছি না। যেভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছি, আমার মনে হয় ক্রিকেটাররা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।’
অধিনায়ক বিশ্বকাপে কোন লক্ষ্যের কথা না বললেও কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন কোন লক্ষ্যে এগোবে বাংলাদেশের মেয়েরা। তার কথায়, ‘আমাদের টার্গেট হলো ম্যাচ বাই ম্যাচ খেলা ও ভালো খেলা। আমাদের দুইটা ম্যাচে ভালো সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য দলের সঙ্গেও আমরা... কাউকে আমরা বড় করে দেখছি না। শতভাগ দিয়ে চেষ্টা করব। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। তবু অস্ট্রেলিয়া বা আরও দুই-একটা দলের যে স্ট্যান্ডার্ড, তাদেরকে আমরা নিজেদের চেয়ে অনেক ওপরে দেখব না। আমাদের মতো ভাবব এবং জেতার জন্যই খেলব প্রতিটি ম্যাচ। গত বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার আরও কিছু ম্যাচ জেতার জন্য যাচ্ছি।’