চার ক্লাবের মালিকানা দ্বন্দ্ব নিরসনে গত ১৫ সেপ্টেম্বর গুলশানে নাভানা টাওয়ারে বিসিবির অফিসে ট্রাইবুনালে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন মালিকানা দাবি করা তানভীর আহমেদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। গুলশান থানায় এই অভিযোগে মামলা করেছেন তিনি। এই মামলায় গ্রেফতার হয়েছেন সৈয়দ বোরহানুর হোসেন পাপ্পু।
গতকাল গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে এই মামলায় আদালতে হাজির করা হবে। এই মামলায় পাপ্পু ছাড়াও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাভানা টাওয়ার থেকে মব তৈরি করে তাকে অপহরণ করে হত্যার উদ্দেশে নিয়ে গিয়ে মারধর ও জখম করা হয়েছে। এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, 'তাকে (তানভীর আহমেদ) অপহরণ করে নিয়ে যাওয়ার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার চারদিন পর গিয়ে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে (পাপ্পু) গ্রেফতার করা হয়েছে।'