হোম > খেলা

হামজাকে ঘিরে বড় স্বপ্ন

এমএম মাসুক, হবিগঞ্জ থেকে

‘আমার খুব ভালো লাগছে, আপনারা সবাই আইছইন আমারে দেখবার লাগি।’ গতকাল সোমবার বিকাল ঠিক সাড়ে ৪টা। স্নানঘাটের নিজ গ্রামের বাড়িতে আসার পর প্রথম জনসম্মুখে এসে সিলেটের আঞ্চলিক ভাষায় এ কথা বলার পর হামজা শুধু বললেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ...।’ হামজার জন্য ঘরের পাশে বিশাল আঙিনায় যে রঙিন মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চের সামনে অপেক্ষমাণ জনতার উদ্দেশে এই দুটি বাক্য বলেই আবার ঘরের ভেতরে চলে যান হামজা। জানা যায়, নিরাপত্তার অভাবে তাকে বেশি সময় মঞ্চে রাখা হয়নি। সন্ধ্যার পর বাড়ির উঠানে বাবা দেওয়ান গোলাম মোর্শেদের পাশে বসে আরো অনেক কথাই বললেন ইংলিশ লিগ মাতিয়ে আসা এই তারকা মিডফিল্ডার। তাকে ঘিরে যে বাংলাদেশের ফুটবল নতুন স্বপ্ন দেখছে, প্রাণের উচ্ছ্বাস চারদিকে- প্রত্যাশার মাত্রা আরো বাড়িয়ে দিলেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন। বর্তমান চ্যাম্পিয়নশিপ লিগ শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। এবার বাংলাদেশ মাতাতে এসেছেন। গতকাল দুপুরে সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে দেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই ফুটবলার। এত মানুষের জমায়েত হয়েছে বাড়িতে। সবকিছু মিলে কেমন লাগছে? হামজা বলেন, ‘খুব ভালো লাগছে। মানুষ আমাকে ভালোবাসে এজন্য তারা এসেছে।’

আগামী ২৫ মার্চ এএফসি বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হবে হামজা চৌধুরী। হামজাকে নিয়ে ভারত অনেক হিসাব করছে। তবে ভারতকে নিয়ে নয়, নিজেদের নিয়েই চিন্তা করছেন বলে জানান হামজা। বাংলাদেশ দলের সম্পর্কে কী ধারণা আপনার? হামজা বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে কম যোগাযোগ হয়েছে। তবে কোচের সঙ্গে বেশি কথা হয়েছে। জামাল ভূঁইয়াদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। ইনশাআল্লাহ, কালকে (আজ) গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করব।’ হঠাৎ করে বাংলাদেশের এসে জাতীয় দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন হামজা? এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুবই আত্মবিশ্বাসী। তিনি জানান, ‘ইনশাআল্লাহ, ভালো হইব। ম্যাচে ভালো খেলতে পারব। জাতীয় দলে খেলতে অনেকেই স্বপ্ন দেখে।’

একসময় বাংলাদেশ বিশ্বকাপে খেলবে বলে আশা করেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। এজন্য ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। পরিকল্পনামাফিক এগোতে পারলে সবকিছু সম্ভব।

খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন চান বাটলার

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!