দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের প্রথম ম্যাচেই প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্য গোলটি আত্মঘাতী। চেলসির হয়ে এক গোল শোধ করেন কোল পালমার।
ঘরের মাঠ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ২০তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডান দিক থেকে মাইকেল ওলিসের ক্রসে দায়ত উপামেকানোর চাপ সামলাতে না পেরে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন চেলসির ট্রেভো শ্যালাবা।
এরপর ২৭তম মিনিটে ব্যবধাণ দ্বিগুণ করেন কেইন। ইংলিশ তারকাকে ফাউল করেছিলেন মোইসেস কাইসেদো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
চেলসি এক গোল শোধ করে ২৯তম মিনিটে। মাঝ মাঠ থেকে বল পায়ে এগিয়ে যান ইংলিশ মিডফিল্ডার পালমার। ডি বক্সে মালো গিস্তোকে বল বাড়িয়ে জায়গা করে নেন তিনি। কাট ব্যাকে বল ফিরে পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন পালমার।
দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ব্যবধান বাড়ান কেইন। মাঝমাঠ থেকে ব্যাক পাস দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে উল্টো কেইনের পায়ে বল তুলে দেন চেলসির গিস্তো। বল পেয়ে ছুটে গিয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।