হোম > খেলা

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন লে ক্লস

স্পোর্টস ডেস্ক

কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী পুরুষ ক্রীড়াবিদের রেকর্ড নতুন করে লিখলেন দক্ষিণ আফ্রিকার তারকা সাঁতারু চ্যাড লে ক্লস। গ্লাসগোতে অনুষ্ঠিত এবারের আসরে পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে নিজের মোট পদকসংখ্যা ১৯-এ উন্নীত করেছেন তিনি।

এই কীর্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শুটার ফিল অ্যাডামস এবং ইংল্যান্ডের মিক গল্টকে পেছনে ফেলেছেন ৩৪ বছর বয়সি লে ক্লস। এতদিন দুজনেরই কমনওয়েলথ গেমসে পদক ছিল ১৮টি।

রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত লে ক্লস বলেন, ‘ব্রোঞ্জ জিতে আমার কাঁদার কথা নয়, কাঁদার কথা ছিল সোনা জিতলে। কিন্তু সত্যি বলতে, এই অর্জন আমার কাছে পৃথিবীর সমান মূল্যবান।’

এ নিয়ে কমনওয়েলথ গেমসে লে ক্লসের সংগ্রহে এখন ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৯টি পদক। তবে তার পদকযাত্রা এখানেই শেষ হচ্ছে না। এবারের আসরে তিনি আরো ৫০ মিটার ও ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নেবেন। ফলে নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে।

২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে মাত্র ১৮ বছর বয়সে কমনওয়েলথ গেমসে অভিষেক হয় লে ক্লসের। প্রথম আসরেই পাঁচটি পদক জিতে আলোচনায় আসেন তিনি। গ্লাসগোতে ক্যারিয়ারের পঞ্চম কমনওয়েলথ গেমসে নেমেছেন তিনি।

কমনওয়েলথ গেমসের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সমৃদ্ধ লে ক্লসের ক্যারিয়ার। অলিম্পিকে তিনি জিতেছেন চারটি পদক, যার মধ্যে রয়েছে একটি স্বর্ণ। এছাড়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১৬টি শিরোপা জিতেছেন তিনি, যার বেশিরভাগই বাটারফ্লাই ইভেন্টে।

এখন তার লক্ষ্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেখানে অংশ নিতে পারলে সেটি হবে লে ক্লসের টানা পঞ্চম অলিম্পিক।

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি