এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের স্বাদ পায় বাংলাদেশ। দুর্দান্ত পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আইসিসি র্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন এই ওপেনার ব্যাটার। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন তিনি! সাইফের বড় লাফের দিনে বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বুধবার হালনাগাদকৃত র্যাংকিং ঘোষণা করে আইসিসি। ঘোষিত র্যাংকিংয়ে -টোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। এর আগে ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
সাইফ অবস্থান করেছেন ক্যারিয়ার সেরা ৮১তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার।
র্যাংকিংয়ে একশ জনের মধ্যে এই প্রথমবার জায়গা পেলেন সাইফ। দেশের মধ্যে আরও উন্নতি করেছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করে তাওহিদ হৃদয় সাত ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে। লিটনের উন্নতি ২ ধাপ। সবার ওপরে থেকে তার অবস্থান ৪০তম।
এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের অভিষেক শর্মা।