হোম > খেলা

‘হকির টি-টোয়েন্টি’ বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব হকির নতুন ও রোমাঞ্চকর সংস্করণ ফাইভ-এ-সাইড বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের রাজধানী কায়রোতে বসছে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের উদ্বোধনী আসর। বৈশ্বিক এই মঞ্চে নিজেদের মেলে ধরতে আগামী ৬ ডিসেম্বর মিসরের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ যুব হকি দল।

প্রচলিত ১১ জনের হকির চেয়ে সম্পূর্ণ ভিন্ন আবহের খেলা এই ফাইভ-এ-সাইড। এখানে প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন- চারজন ফিল্ড প্লেয়ার ও একজন গোলরক্ষক। ছোট আকারের মাঠে ২০ মিনিটের এই লড়াইয়ে বিরতি থাকে মাত্র দুই মিনিট। মাঠের চারপাশে বাউন্ডারি বোর্ড ঘেরা থাকায় বল বাইরে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। ফলে খেলায় গতি থাকে প্রচণ্ড এবং প্রচুর গোলের সুযোগও তৈরি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা থাকায় ক্রীড়াবিশ্বে এটি ‘হকির টি-টোয়েন্টি’ হিসেবে পরিচিতি পেয়েছে। ২০১৪ সালে চীনের নানজিং যুব অলিম্পিকে যাত্রা শুরু করা এই সংস্করণের প্রথম সিনিয়র বিশ্বকাপ হয়েছে ২০২৪ সালে ওমানের মাস্কটে।

গত জুলাইয়ে ওমানে এশিয়ান বাছাইপর্বে দুর্দান্ত খেলে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। কায়রোতে ১২ দলের এই আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা।

বাছাইপর্বের ম্যাচগুলো বাদ দিলে ফাইভ-এ-সাইড ফরম্যাটে খেলার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তাই এই আসরকে ফলাফলের চাপের চেয়ে বড় মঞ্চে শেখা ও সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। দলের কোচ শেখ মোহাম্মদ নান্নু জানান, এই সংস্করণে তাদের পথচলা কেবল শুরু হয়েছে এবং বিশ্বকাপে শেখার সঙ্গে সর্বোচ্চ ভালো ফলাফল অর্জনের চেষ্টাই করবে দল।

যুবাদের এই বিশ্বকাপ অভিযানের জন্য ৬০ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এছাড়া, এই সংক্ষিপ্ত সংস্করণে দেশের হকিকে এগিয়ে নিতে ভবিষ্যতে ফাইভ-এ-সাইডের জন্য সম্পূর্ণ আলাদা একটি দল গঠনের পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন।

ধ্বংসস্তূপের বুকে ফুটবলে বেঁচে থাকার লড়াই

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া লিভারপুলের

সুখস্মৃতি ভুলে প্রথম ম্যাচে মনোযোগ তাসকিনের

৬৩ বছরের লজ্জায় ইউনাইটেড, হতাশ পচেত্তিনো

আল-নাসরের শত গোলের মাইলফলকে গর্বিত রোনালদো

ইংল্যান্ডের কাছে হেরে সিরিজ খোয়াল অস্ট্রেলিয়া

ভারতকে গুটিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড

এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ

তামিমের ঘোষণার পর মুশফিকের বিদায়ী বার্তা

‘মুশফিকের নিবেদন-ত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে’