ভারত-পাকিস্তানের লড়াইয়ে একটি শব্দই প্রচলিত ‘প্রতিদ্বন্দ্বিতা’। দুই দেশের ভৌগোলিক থেকে শুরু করে রাজনৈতিক উত্তাপের ঝাঁজ ক্রিকেট মাঠেও ছড়িয়ে পড়ায় এই তকমা। তবে মাঠের লড়াইয়ে ভারতের ধারেকাছেও নেই পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুপার ফোরের লড়াইয়েও ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছে একপেশে। প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্রেফ উপহাস করলেন পাকিস্তানকে নিয়ে।
আগের ম্যাচের চেয়ে পাকিস্তান এবার অন্তত একটু ভালো খেলেছে কি না- এমন প্রশ্ন ছুটে যেতেই সূর্যকুমার জবাব দিলেন সোজা ব্যাটে স্ট্রেইট ড্রাইভ খেলার মতো, ‘এই প্রশ্নে আমি একটি কথা বলতে চাই, আমার মনে হয় আপনাদের উচিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া। মান ও প্রতিদ্বন্দ্বিতা আসলে একই ব্যাপার। আমার মতে, দুটি দল যদি ১৫-২০ বার মুখোমুখি হয় এবং সেই লড়াইয়ের ফল যদি থাকে ৭-৭ বা ৮-৭, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে। কিন্তু যদি ১৩-০ বা ১০-১ হয়… আমি জানি না, এখানে পরিসংখ্যান কেমন। তবে এটি এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।’
সূর্যকুমারের কথায় যুক্তি আছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে ভারতের একতরফা দাপট চলছে বেশ কয়েক বছর ধরেই। ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত জিতে নিল টানা সাত ম্যাচ। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ১২টি, পাকিস্তানের মোটে ৩টি। ওয়ানডে ইতিহাস বলে, দুই দলের লড়াইয়ে বিগত ২০ বছরে ভারতের ২৩ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১১টি। অথচ ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তান-ভারত ব্যবধান ছিল ৬২-৩৫! সবশেষ টানা ছয় ওয়ানডেতে জিতেছে ভারতই।
ভারতের এই ক্রিকেটের ধারাবাহিকতা যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে দুই দেশের লড়াইয়ে পানসে ভাব চলে আসবে, সেটা অনুমেয়। সীমান্তের লড়াইয়ে ‘প্রতিদ্বন্দ্বিতা’ শব্দটিই তখন হয়ে যাবে ধূসর ইতিহাস।