জমজমাট এক লড়াইয়ের সাক্ষী হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। কেউ কাউকে যেন বিন্দু মাত্র ছাড় দিচ্ছিল না- না আফগানিস্তান, না জিম্বাবুয়ে। লাল বলের লড়াইয়ে ফল আসবে নাকি ম্যাচ থেকে যাবে অমীমাংসিত। এ নিয়ে কৌতহূলের শেষ যেন ছিল ক্রিকেট প্রেমীদের। অবশেষে রোমাঞ্চের রেণু ছড়িয়ে শেষ হাসি হাসল জিম্বাবুয়ে। আফগানিস্তানকে ৫৭ রানে হারাল আফ্রিকান দলটি। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে নাসির খান মারুফখিলের লড়াকু অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি আফগানরা। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দারুণ এক জয় তুলে নেয় সফরকারী জিম্বাবুয়ে। দারুণ এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল আফ্রিকান টিমটি। সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ছিল ড্র।
জয়ের জন্য রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড (৪১৮) ছুঁতে হতো। কিন্তু সেটা করতে পারেনি আফগানরা। ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে আফগানিস্তান। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া নাসির খান মারুফখিল ব্যাট হাতেও জ্বলে ওঠেন এবং ২৪২ বল মোকাবিলা করে ১০১ রানের অপরাজিত এক বীরোচিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন আফসার জাজাই, যিনি ২০২ বলে ৮৭ রান করেন। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি করেন ৩৫ রান।
তবে জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয় আফগানদের। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয়ে যায় আফগানরা। জিম্বাবুয়ের জার্সি গায়ে ব্র্যাড ইভান্স (৩/৫৫) ও ব্লেসিং মুজারাবানি (৩/৮৯) তিনটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া অভিজ্ঞ স্পিনার গ্রায়েম ক্রেমার ভিনসেন্ট মাসেকেসা নেন ২টি করে উইকেট।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলরের অনবদ্য ১১৯ রান এবং ইনোসেন্ট কাইয়ার ৯৬ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৩৯ রানের লড়াকু পুঁজি পায় তারা। ওপেনার বেন কারান করেন ৪৪ রান। আফগানিস্তানের হয়ে বোলিংয়ে একাই তাণ্ডব চালান নাসির খান মারুফখিল; ৪৪ ওভার বল করে ১৫১ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। ভিনসেন্ট মাসেকেরার ৪ উইকেট (৫৪ রান) এবং ব্লেসিং মুজারাবানির ৩ উইকেটের সুবাদে আফগানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। এছাড়া রহমানউল্লাহ ৩৪ এবং অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ও রহমত শাহ ৩০ রান করে সংগ্রহ করেন। ফলে প্রথম ইনিংস থেকেই ১২২ রানের গুরুত্বপূর্ণ লিড পায় জিম্বাবুয়ে।
বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন পেসার ব্লেসিং মুজারাবানি। এছাড়া ব্রেন্ডন টেলর অপরাজিত অর্ধশতক (৫০*) এবং ইনোসেন্ট কাইয়া ৩৩ রান করেন। আফগানিস্তানের হয়ে নাসির খান মারুফখিল, জিয়া-উর-রহমান এবং ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৩৯/১০, ১১৪.৫ (টেলর ১১৯, কাইয়া ৯৬; নাসির ৭/১৫১)।
আফগানিস্তান প্রথম ইনিংস: ২১৭/১০, ৬৯.৪ (আফসার ৬৩, রহমানউল্লাহ ৩৪; মাসেকেনা ৪/৫৪)।
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২৯৫/৯ ডি. ৯৮ ওভার (মুজারাবানি ৫৯*, টেলর ৫০; জিয়াউর ২/৪৮)।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৬০/১০, ১৩০.৩ ওভার (নাসির ১০১*, আফসার ৮৭; ইভান্স ৩/৫৫ ও মুজারাবানি ৩/৮৯)
ফল: জিম্বাবুয়ে ৫৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ব্লেসিং মুজারাবানি।
সিরিজসেরা: ব্রেন্ডন টেলর।