হোম > খেলা > ক্রিকেট

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজছেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের হার। ফলটা বাংলাদেশের জন্য হতাশার হলেও পুরো ম্যাচকে ব্যর্থতার খাতায় ফেলতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ৪০০ রান, লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং এবং পেসারদের সাম্প্রতিক উন্নতি; এসবকেই এই ম্যাচের ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। তবে নো-বল ও ক্যাচ মিসের মতো ভুলগুলো যে জয়ের সম্ভাবনা নষ্ট করেছে, সেটিও স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে শান্তর মূল্যায়নে উঠে এসেছে টস জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার গুরুত্ব। সাধারণত দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন সুযোগ পাওয়া কঠিন। এবার সেটিকে কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। শান্ত বলেন, ‘আমরা বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুবই খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটা আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক ছিল। গত কয়েক বছরে আমার মনে হয়, আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ কাজ করছে। আর এটাই অনেক পরিবর্তন এনেছে।’

তবে ৪০০ রান করেও ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারার পেছনে নিজেদের ভুলকেই বড় করে দেখছেন তিনি। শান্ত বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে, খুব বেশি ভুল করা যাবে না। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমরা অনেকগুলো নো-বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমরা ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলি, তখন আমাদের এমন ভুল করা চলবে না।’

দলের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে বিশেষভাবে লিটন ও হৃদয়ের কথা বলেছেন অধিনায়ক। হৃদয়ের অভিজ্ঞতা কম হলেও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। আমি আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।’

৪০০ রান টপকে জিতে উচ্ছ্বসিত বাভুমা

লর্ডসে নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

জোহান্সবার্গে হার এড়াতে পারল না বাংলাদেশ

হারের অপেক্ষায় বাংলাদেশ

সিরিজ জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেল ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে লাল বলের আরো রোমাঞ্চ

এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আলোকস্বল্পতায় বন্ধ ম্যাচ

স্যান্ডপেপার কাণ্ডে বোমা ফাটালেন ব্যানক্রফট

শ্রীলঙ্কার লড়াইয়ের পরও এগিয়ে পাকিস্তান