হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে থাকবে না পরিবর্তন!

স্পোর্টস রিপোর্টার

সময়ের হিসাবে এখনো প্রায় ২০ দিন বাকি। এ সময়ের মধ্যে যেহেতু ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে খেলা নেই, তাই ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। আগামী ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডে সিরিজ দিয়ে যেহেতু শুরু হবে মাঠের লড়াই, তাই এখন ভাবনায় শুধুই ওয়ানডে। ৩৩ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তিন ফরম্যাটের ক্রিকেটারদেরই ডাকা হয়েছে এই ক্যাম্পে।

আজ এই ক্যাম্প চলাকালে আমার দেশ-এর সঙ্গে কথা বলেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। সেখানে কথা হয় আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও নতুন নির্বাচক প্যানেল নিয়ে। আসন্ন সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে খুব বেশি পরিবর্তন আনার পক্ষপাতি নন হাসিবুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, নিউজিল্যান্ড সিরিজে পরিবর্তন আসবে। হয়তো এক-দুটি জায়গা নিয়ে চিন্তাভাবনা হতে পারে। তবে পরিবর্তন আসবে না বলেই আমার বিশ্বাস।’

তবে ব্যাপারটি যে নির্বাচক প্যানেলের বাকি সদস্যদের ওপরও নির্ভর করছে, সেটা মনে করিয়ে দিতেও ভুলে যাননি তিনি। এ নিয়ে হাসিবুল হোসেন শান্ত আমার দেশকে বলেন, ‘সুমন ভাই (হাবিবুল বাশার সুমন) দায়িত্ব নিয়েছেন। এখনো কথা হয়নি। কথা হলে নিশ্চিত করে বলা যাবে। তবে আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে কেউ।’

গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের পর হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন হাসিবুল হোসেন শান্ত। নতুন প্রধান নির্বাচকের অধীনে দলকে কীভাবে সাজাতে চান সেটা নিয়ে শান্তর ভাষ্য ছিল, ‘সব সময় তো চাওয়া থাকে সেরা দল বানানোর। এখনো এর ব্যতিক্রম নয়। এখন দল যেভাবে আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

আগের নির্বাচক প্যানেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবারই তৈরি হয়েছে সমালোচনা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শামীম পাটোয়ারিকে অন্তর্ভুক্ত না করায় প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন দাস। এ ধরনের বিষয়গুলো পুরোপুরি প্রধান নির্বাচক দেখবেন বলে জানান শান্ত। তার কথায়, ‘সুমন ভাই কীভাবে সামলাবেন ব্যাপারগুলো- তার ওপরই নির্ভর করছে সমালোচনা হবে কি না। আমার মনে হয়, সুমন ভাই সবকিছু দারুণভাবে সামলাতে পারবেন।’

এবারের নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত ছাড়াও আছেন দুই তরুণ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। তাদের নিয়ে ভালো কাজ করার ব্যাপারে আশাবাদী হাসিবুল হোসেন শান্ত।

মোস্তাফিজের কাছে শিখতে চান হ্যারিস

এস্টারহুইজেনের স্বপ্নের অভিষেক

মোস্তাফিজে উজ্জ্বল লাহোর

তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে অনিশ্চিত ফারুক

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

রফিক-নাসিরের ঝড়, সানির ঘূর্ণিতে বড় জয় লাল দলের

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের লাল ও সবুজ দল ঘোষণা

অভিমানে বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির কাজ শুরু

নিজের হৃদয়ের কথাই শুনবেন নির্বাচক সুমন