ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট কোয়ালিফায়ারে এবার ৭০টি দল থেকে ১৪০০ জন ক্রিকেটার অংশ নেবে। এই ৭০ দলের মধ্য থেকে দুটো দল পরের রাউন্ডে উঠবে। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
তৃতীয় বিভাগ ক্রিকেটের গত আসরে অনেক বয়স্ক খেলোয়াড় অংশ নেয়ায় বেশ সমালোচনা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার বয়সের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। এবারের টুর্নামেন্টে অংশ নেয়ার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর করে দিয়েছে বিসিবি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের যারা এখন আছে, এটা একদম সর্বোচ্চ সীমা ২৫ করে দিয়েছি। ২৫-এর বেশি একজনও খেলতে পারছে না এখানে।’
তৃতীয় বিভাগ বাছাই অতীতে ম্যাচ পাতানোসহ নানা অভিযোগ উঠেছে। এসব ঠেকাতে এবার কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে সিসিডিএম চেয়ারম্যান জানান, সংশ্লিষ্ট সব বিভাগ ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, ‘সব ধরনের প্রোটেকশন আমরা নিয়েছি। আপনারা নিজেরাই ওই খেলাগুলো দেখতে যাবেন। নিজেরা গিয়ে অবজার্ভ করেন। আমরা কীভাবে প্রোটেকশন নিয়েছি, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। আম্পায়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলোর সঙ্গে এই খেলা জড়িত, তাদের সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সবাই সিরিয়াস যে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আম্পায়াররাও খুবই সিরিয়াস।’
টুর্নামেন্টে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করেছেন মঈনউদ্দিন। তার ভাষায়, ‘এখানে কোনো রকমের কারও ইনফ্লুয়েন্স, কোনো বড় বড় লোকের কোনো ইনফ্লুয়েন্স হবে—এরকম কোনো সুযোগ নেই এই খেলায়। কোনো সুযোগ দেব না আমরা, ইনশাআল্লাহ। ১০০ পারসেন্ট ফেয়ারলি খেলা হবে।’