বিশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনালের লড়াই শেষে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৮ মার্চ শিরোপা নির্ধারণী সেই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে এবারের আসর। তার আগে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের তালিকায় জায়গা পেয়েছেন ৬ দেশের ৮ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকে রয়েছেন দুজন করে ক্রিকেটার। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আছেন একজন করে।
ইংল্যান্ড থেকে আছেন উইল জ্যাকস। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ৮ ম্যাচে করেছেন ২২৬ রান, নিয়েছেন ৯ উইকেট। চারবার ম্যাচসেরা হওয়া এই অলরাউন্ডার ব্যাট ও বল—দুই বিভাগেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২০ বলে ৩৫ রানের ইনিংসও খেলেছিলেন তিনি।
পাকিস্তানের সাহিবজাদা ফারহানও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ৬ ইনিংসে ৩৮৩ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১৬০.২৫ এবং গড় ৭৬.৬০। এবারের আসরে দুটি সেঞ্চুরি করেছেন ফারহান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে ৩৮৩ রান করে এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি আছেন তালিকায়। ৭ ম্যাচে ৭.১৯ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট। কানাডার বিপক্ষে ৪ উইকেট এবং আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার। তার সঙ্গে আছেন এইডেন মারক্রাম। ৮ ম্যাচে তার সংগ্রহ ২৮৬ রান, সঙ্গে রয়েছে একটি উইকেট।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও আছেন তালিকায়। ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট, পাশাপাশি করেছেন ১২৮ রান। একই দলের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট ৭ ইনিংসে ৩টি ফিফটিতে করেছেন ২৭৪ রান, স্ট্রাইকরেট ১৬১.১৭। যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শালকভিক টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায়। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ফাইনালের আগ পর্যন্ত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।
ভারতের সাঞ্জু স্যামসনও আছেন সেরা হওয়ার লড়াইয়ে। মাত্র ৪ ম্যাচে ২৩২ রান করেছেন তিনি প্রায় ২০২ স্ট্রাইকরেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রান এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের ইনিংস তাকে মনোনয়নের তালিকায় শক্ত অবস্থানে রেখেছে।