পাকিস্তান সিরিজে দারুণ উইকেটে খেলে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সবার ধারণা, নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের উইকেটে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে পেসার কিংবা স্পিনার, কেউই পাবে না বাড়তি সুবিধা। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার। তার আশা, পেস-স্পিন সম সুযোগ থাকছে সবার জন্য।
আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে রব ওয়াল্টার বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ দলের দারুণ কিছু পেসার আছে। তাই আমার মনে হয়, তাদের বিশেষ কিছু করার প্রয়োজন আছে। আমার মনে হয় সব ধরনের সুবিধাই নিতে চাইবে।’
তিনি আরো বলেন, ‘এটা ভালো এবং কিউরেটর বলেছেন তেমনটাই হবে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট এমন দিনে বিভিন্ন কন্ডিশনে খেলতে হয়। ফলে সবকিছুর জন্য আমরা প্রস্তুত। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে পেস বনাম স্পিনের পয়েন্ট অব ভিউ থেকে ভিন্ন ছিল। ফলে সবকিছুর জন্য প্রস্তুতি থাকতে হবে।’
তবে উইকেট যেমনই হোক, স্পিনারদের সঠিকভাবে ব্যবহার করতে চান রব ওয়াল্টার। তার কথায়, ‘যদি সুযোগ থাকে, তাহলে মাঝের ওভারে স্পিনারদের মাধ্যমে ইমপ্যাক্ট রাখতে চাই। আমাদের দারুণ কিছু পেসার আছে। আশা করি, তারাও সেই কাজটা করতে পারবে।’
তবে উইকেটের চেয়েও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যে গুরুত্বপূর্ণ সেটা মনে করেন রব ওয়াল্টার। তার কথায়, ‘আমাদের মূল কাজ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। কন্ডিশন যেভাবে চাইবে, সেভাবে মানিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব। আশা করি, এটাই ম্যাচের ফল এনে দিবে।’
এছাড়া দিনের আলোয় ম্যাচ নিয়ে রব ওয়াল্টার বলেন, ‘আমাদের শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। গরমের সঙ্গে লড়াই করতে হবে। এটাই শুধু চ্যালেঞ্জ।’
এতসব চ্যালেঞ্জের মাঝে দলের গুরুত্বপূর্ণ বেশিরভাগ সদস্যকে ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। আইপিএল ও পিএসএলের কারণে বেশ কয়েকজন ক্রিকেটার আছে ছুটিতে। এছাড়া কেউ কেউ বিশ্রামে আছেন। ফলে নতুনদের নিয়ে বাংলাদেশ সিরিজের স্কোয়াড সাজাতে হয়েছে। ফলে তাদের জন্য বাংলাদেশ সফরকে শেখার মঞ্চ ভাবছেন রব ওয়াল্টার।
এ নিয়ে কিউই কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখানে শিখতে চাই। এখানে আমাদের মূল লক্ষ্য শেখা অব্যাহত রাখা এবং ক্রিকেটার হিসেবে উন্নতি করা। আমরা সেটাই চালিয়ে যেতে চাই।’