ইনজুরির চিকিৎসা এবং পুনর্বাসনকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন নাহিদ রানা। আগামী সোমবার পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি।
গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। সেই চোট থেকে ফেরার আগেই নিতম্বে নতুন করে ব্যথা অনুভব করছেন নাহিদ। ফলে লম্বা সময় বোলিং চালিয়ে যেতে পারছেন না তিনি।
চিকিৎসক পিটার আলেসান্দ্রোর কাছে আগেও দেখিয়েছেন নাহিদ। এবার অবশ্য শুধু ডাক্তারই দেখাবেন না, অস্ট্রেলিয়ায়ই এই চিকিৎসকের অধীনে চলবে তার পুনর্বাসনও। অস্ট্রেলিয়ায়ই নাহিদের ১০ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, দেশে ফিরে আরও ৩ থেকে ৪ সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন টাইগার এই পেসার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও তার না খেলা অনেকটাই নিশ্চিত। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না।