ইনিংসের প্রথম বলেই অভিজ্ঞ ফারজানা হকের উইকেট হারিয়ে ইনিংস শুরু করে বাংলাদশ; শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের বাকি ইনিংসটাও এগিয়েছে ধুঁকে ধুঁকে। রিতু মনির লড়াকু ইনিংসে কোনোরকমে ১৬৬ রান করে তারা।
ব্রিসবেনে আজ টস জিতে শুরুতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। আর বোলিংয়ে নেমে সকালের উইকেটের পূর্ণ সুবিধা নিয়েছে অজিরা। ফারজানার বিদায়ের পর বাংলাদেশের ১১ রানের মাথায় শারমিন সুলতানা এবং ৩৩ রানের মাথায় শারমিন আক্তারকে সাজঘরে পাঠায় অজিরা।
শারমিন আক্তার ভালো শুরু পেয়েছিলেন। ৫ চারে ২৬ বলে ২৪ রান করেন তিনি। তবে অ্যালানা কিংয়ের দারুণ একটি ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাকে। ব্যাট হাতে হাল ধরতে পারেননি সোবনানা মোস্তারিও। ১৭ বল খেলে কেবল ২ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে রিতু মনিকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা। তবে এই জুটিতে রান এগিয়েছে অনেক ধীরগতিতে। রানের গতি বাড়ানোর সময়ে আউট হয়ে ফেরেন অধিনায়ক। ৮৬ বলে ২৯ রান করে ম্যাকগ্রার শিকার হয়ে ফেরেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে বাংলাদেশ। অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকলেও এক প্রান্তে রিতু আগলে থাকার চেষ্টা করেন। দলীয় ১৫৯ রানে রান আউট হওয়ার আগে ৬৩ বলে ৪৫ রান করেন রিতু। এছাড়া স্বর্ণা আক্তার ২০ এবং নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।