বিসিবি অফিসের সামনে লোকজনের সমাগম আর গাড়ি সংখ্যা দেখে আন্দাজ পাওয়া যায়- নির্বাচন আসন্ন। এই নির্বাচন ঘিরেই বিসিবি অফিসে এত লোকসমাগম। এবারের বিসিবি নির্বাচন উপলক্ষে গত দুই মনোনয়ন ফরম বিতরণ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৩৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে গতকাল জমা দেওয়ার প্রথম দিনে ২৩ জন নিজেদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বাকিদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে মনোনয়নপত্র জমা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের মধ্যে অন্তত দুজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।
এবারের বিসিবি নির্বাচনে ‘এ’ ক্যাটাগরি থেকে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে গতকাল পর্যন্ত আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ১১ জনের মধ্যে কতজন মনোনয়নপত্র জমা দেবেনÑতা জানা যাবে আজ। ক্লাব ক্যাটাগরিতেও সমানসংখ্যক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। গতকাল জমা পড়েছে ১৪ জন। বাকি পাঁচজনের মধ্যে কারা কারা মনোনয়নপত্র জমা দেবেন তা জানা যাবে আজ।
অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে মনোনয়নপত্র নিয়েছেন একজন। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) থেকে মনোনয়ন পেয়ে কাউন্সিলর হওয়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ মনোনয়ন চেয়েছিলেন। তবে বিসিবি নির্বাচনে কোয়াব প্রতিনিধির নির্বাচন করার সুযোগ নেই। ফলে তিনি মনোনয়ন চাইলেও তিনি নিতে পারেননি। তাতে ‘সি’ ক্যাটাগরি থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া সময়ের ব্যাপারমাত্র।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। তিনি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। রাজশাহী বিভাগ থেকে আর কেউ মনোনয়নপত্র না নেওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সময়ের ব্যাপারমাত্র। সিলেট বিভাগেও মনোনয়ন নিয়েছেন একজন। ফলে এই বিভাগ থেকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া সময়ের ব্যাপারমাত্র।
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কি না।
এছাড়া ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে তিনজন মনোনয়নপত্র কিনেছেন। বাকি তিন বিভাগ থেকে আরো ৯ জন মনোনয়নপত্র কিনেছেন।
অন্যদিকে ক্যাটাগরি দুই থেকে তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাসসহ অ্যাডহক কমিটির ছয়জন মনোনয়ন নিয়েছেন। পাশাপাশি সাবেক তিন পরিচালক শাহনিয়ান তামিম, আমজাদ হোসেন, ফাইয়াজুর রহমান মিতু ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বোরহানুল হক পাপ্পু ও আসিফ রাব্বানী বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্লাব অর্থাৎ ক্যাটাগরি ‘বি’। এখান থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। ইতোমধ্যে ১৪ জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিসিবি নির্বাচনে এবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় সবাই। আজ জানা যাবে, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই প্রতিদ্বন্দ্বিতার দেখা মিলবে কি না।