এশিয়ান গেমসে ক্রিকেটে রান, উইকেট, ক্যাচ বা স্কোর নিয়ে কোনো আলোচনায় নেই। চিন্তায় এবং শঙ্কায় যা রয়েছে তার বৃষ্টি!
একটা তথ্য জানালে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এখন পর্যন্ত গেমসে ক্রিকেট ইভেন্টের ১০টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে গড়াল মাত্র ৪টি ম্যাচ। বাকি ৬টি ম্যাচ বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলাই হয়নি। তবে এই হাফডজন ম্যাচ না হওয়ায় গেমসের ক্রিকেট যে বন্ধ হয়ে গেছে, তা কিন্তু না। গ্রুপ পর্যায়ে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলোয় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে ভিন্ন নিয়ম। এই পর্যায়ে পরিত্যক্ত ম্যাচে জয় পেয়েছে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল। কারণ কোয়ার্টার ফাইনাল থেকে তো নকআউটের লড়াই শুরু। নকআউট পর্বে পয়েন্ট ভাগাভাগি বা ড্রয়ের কোনো উপায় নেই। একটা দলকে বাদ পড়তেই হবে। র্যাংকিংয়ে যারা উন্নততর দল, তারাই এগিয়ে গেছে পরের পর্বে, অর্থাৎ সেমিফাইনালে।
অবাক করার বিষয় হলো এই গেমসে যে চারটি দল সেমিফাইনালে খেলছে তাদের কেউ মাঠের ক্রিকেটে জেতেনি। মাঠে বা ম্যাচে নামার সুযোগই তাদের হয়নি বৃষ্টির দাপটে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই চারটি দল এখন পর্যন্ত চলতি গেমসে কোনো ম্যাচে নামতেই পারেনি। কারণ সেই একই—বৃষ্টি। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এই চারটি দল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ‘জয়’ (!) নিয়ে ফিরেছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। এই সেমিফাইনালের দিনে আইচি-নাগোয়ার আবহাওয়া সুসংবাদ শোনাচ্ছে! আবহাওয়া বার্তা জানাচ্ছে, এদিন সূর্যোজ্জ্বল থাকবে। তাই যেন হয়। কারণ এই সেমিফাইনাল যদি কোনো কারণে পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে। কারণ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের অবস্থান উন্নততর। তার সেমিতে যাতে অন্তত মাঠের ক্রিকেটে লড়াইয়ের সুযোগ পেতে ১ অক্টোবর রৌদ্রোজ্জ্বল দিনের প্রার্থনায় বাংলাদেশ দল!
আজ সকালে আইচি-নাগোয়ার খারোগি অ্যাথলেটিক স্পোর্টস পার্কে সেমিফাইনালের জন্য প্রস্তুতিতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে মূল ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের অনুশীলন সূচি রয়েছে। জাপানে আসার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল যাকে বলে ‘প্রপার অনুশীলন’ তা করতে পারেনি। কারণ বৃষ্টি।
এই বৃষ্টিতেই গতকাল বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ধুয়েমুছে গেছে। পেছনের দুদিনের তুমুল বৃষ্টিতে গতকাল সকালে শ্রীলঙ্কা-নেপালের ম্যাচ বাতিল। সকাল ৬টায় এই ম্যাচ হওয়ার কথা ছিল। খানিকবাদে আম্পায়াররা জানিয়ে দিলেন যে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এদিন বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু আম্পায়াররা ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। বাংলাদেশ দল তখনো হোটেলে ছিল। মাঠে যাওয়ার জন্য ছিল প্রস্তুতিতে।
এত আগেভাগে ম্যাচ পরিত্যক্ত করার কারণটা কী?
কারণ আর কিছু নয়, বাস্তবতা। সকাল থেকে যে হারে নাগোয়ায় বৃষ্টি হচ্ছিল তাতে বৃষ্টি যদি থেমেও যায় তবু এই মাঠ সারা দিনে খেলার উপযোগী করা সম্ভবপর হবে না। এই বাস্তবতা মেনে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা সিদ্ধান্ত জানিয়ে দেন, এই মাঠ গোটা দিনেও খেলার উপযোগী করা যাবে না। খেলা গড়ানোর কোনো ন্যূনতম সম্ভাবনা নেই। তাই তারা বাস্তবতা মেনে নিয়ে তখনই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সে সিদ্ধান্ত তারা বাংলাদেশ দলের ম্যানেজারকে জানিয়ে দেন। ম্যানেজার তখন জানতে চান তাদের মাঠে আসতে হবে কি না। বাংলাদেশ দল তখন মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সকালে টিম মিটিংয়েও অংশ নেয় পুরো দল। ম্যাচ পরিত্যক্ত করেছেন আম্পায়রা এই সিদ্ধান্ত জানার পর ক্রিকেটাররা আর মাঠে যাননি।
১ অক্টোবর খারোগি অ্যাটলেটিক স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তানের সঙ্গে। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই দিন অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে দ্বিতীয় এই সেমিফাইনাল হবে বেলা ১১টায়।
কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে আসা এই চার দলের সবার প্রার্থনা এখন একটাই—সেমিফাইনাল যেন পুরো মাত্রায় হয়। বৃষ্টি, প্লিজ এবার অন্তত রেহাই দাও! ক্রিকেটটা হোক।
সেমির সূচি
১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান (সকাল ৬টায় শুরু)
১ অক্টোবর : ভারত- শ্রীলঙ্কা (বেলা ১১টায় শুরু)