মিরপুর থেকে সিলেট—দুই ভেন্যুতেই দাপট দেখিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার এলো আরও বড় সুখবর। আইসিসির সর্বশেষ হালনাগাদে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
পাকিস্তান সিরিজ শুরুর আগেই সাহসী পরিকল্পনা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। মিরপুরের চিরচেনা স্পিন সহায়ক উইকেট থেকে সরে এসে ব্যাটিং ও পেস বোলিং সহায়ক পিচ তৈরি করা হয়। সিলেটেও ছিল একই ধরণের উইকেট। সেই পরিকল্পনাই দারুণভাবে কাজে লেগেছে। ব্যাটে-বলে আধিপত্য দেখিয়ে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট টেস্ট শেষ হওয়ার পরই র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে ফিল সিমন্সের শিষ্যরা।
বাংলাদেশের উত্থানে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। সিরিজ হারের পর তারা নেমে গেছে আট নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে নয় নম্বরে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে এখন কেবল শ্রীলঙ্কাই।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির বড় প্রমাণই এই র্যাঙ্কিং। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের পর এবার বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলগুলোর কাতারেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করল টাইগাররা।