হোম > খেলা > ক্রিকেট

ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস

এনওসি দেয়নি পিসিবি

স্পোর্টস ডেস্ক

খেলোয়াড়দের জন্য ছাড়পত্র বা এনওসি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এ কারণে শেষ পর্যন্ত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস দল। এর মধ্য দিয়ে গতবারের রানার্সআপ দলটির এবারের টুর্নামেন্টে অংশ নেওয়ার সব আশার ইতি ঘটল।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পিসিবি তাদের আগের অবস্থানে অনড় থেকে প্রয়োজনীয় এনওসি না দেওয়ায় তারা অত্যন্ত দুঃখের সঙ্গে এবারের ডব্লিউসিএল আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে।

গত ৩ অক্টোবর আরব আমিরাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠলেও পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর শেষ চেষ্টা হিসেবে ওই দিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত ম্যাচটি স্থগিত রাখা হয়েছিল। ডব্লিউসিএল কর্তৃপক্ষ পাকিস্তানের ম্যাচগুলোর সূচিতে পরিবর্তন আনতে প্রস্তুত থাকলেও, পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি চূড়ান্তভাবে বাতিল হওয়ার পর পরিষ্কার হয়ে যায় যে এই সংকট নিরসনের আর কোনো উপায় নেই।

পাকিস্তানের এই দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল দেশটির কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির হাতে। এছাড়া স্কোয়াডে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো তারকা খেলোয়াড়রা অন্তর্ভুক্ত থাকায় টুর্নামেন্টটি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু পিসিবির নিষেধাজ্ঞার খড়গে তারকাখচিত এই দলটির মাঠে নামা আর হলো না।

এই দ্বন্দ্বের সূত্রপাত মূলত গত বছর। সে সময় সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ বলে আখ্যায়িত করেছিল পিসিবি। ক্রীড়ার সঙ্গে রাজনীতির অনভিপ্রেত মিশ্রণের অভিযোগ তুলে বোর্ড তখনই ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করার শক্ত বার্তা দিয়েছিল। বিশেষ করে, গত আসরে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানো এবং এর পরও ভারতকে পয়েন্ট দিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল পিসিবি। সেটিকে ‘আন্তর্জাতিক ক্রীড়া সংস্কৃতির জন্য অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে পিসিবি যে কঠোর অবস্থান নিয়েছিল, তারই ধারাবাহিকতায় এবার এনওসি আটকে দেওয়া হলো।

টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন সালমান, নতুন দায়িত্ব পেলেন ফারহান

বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র

খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ

জয়ের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট

লিটনের যুক্তিকে 'অযুহাত' বলছেন খালেদ মাহমুদ

পদক হারিয়ে শূন্য হাতে ফিরছে ক্রিকেটও!

ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল উইন্ডিজ

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন লুয়ান