সীমার বাইরে গিয়ে ক্ষমতা চর্চা, খেলোয়াড়দের হেনস্তা করা এবং দল নির্বাচনে ক্ষমতার প্রয়োগসহ সাম্প্রতিক সময়ে বেশকিছু অভিযোগ উঠেছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। সর্বশেষ এশিয়া কাপেও জ্যোতির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে ভারতীয় অধিনায়কের সঙ্গে করমর্দন না করার বিষয়টিও।
ক্রিকেটে টসের পর দুই অধিনায়কের করমর্দন বহু বছরের একটি প্রথা। সম্প্রতি রাজনৈতিক ইস্যুতে ভারত-পাকিস্তান ম্যাচে এই প্রথা ভাঙতে দেখা গেছে দুই দেশের ক্রিকেটারদের। বাংলাদেশ অধিনায়কও সর্বশেষ কয়েকটি টুর্নামেন্টে করমর্দন করেননি ভারতীয় অধিনায়কের সঙ্গে। ফলে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে- এটা কি অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি বোর্ডের সিদ্ধান্ত।
শনিবার এ প্রসঙ্গে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, ‘অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত। আমরা মনে করি খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কখনো আমেরিকায় খেলতে যেত না। সুতরাং আমরা চাই যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। যেটা করেছে (জ্যোতি), সেটা অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।’
নারী ক্রিকেটে ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব এবং গ্রুপিংয়ের একাধিক অভিযোগ উঠেছে ইতোমধ্যে। অনেক অভিযোগে বর্তমান অধিনায়ক জ্যোতির নামও উঠে এসেছে।
এ বিষয় নিয়ে বাবু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে। যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
সদ্য সমাপ্ত এশিয়া কাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক জ্যোতিকে অপসারণের পরামর্শ দিয়েছেন নারী ক্রিকেটের সংশ্লিষ্ট অনেকেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে চাইছেন না নারী উইং চেয়ারম্যান, ‘এশিয়া কাপ শেষ হলো মাত্র। ওরা ওখান থেকে সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। এই মুহূর্তে আমি এমন কথা (অধিনায়ক পরিবর্তনের বিষয়ে) বলতে চাচ্ছি না, যেহেতু দল নির্বাচিত, ক্যাপ্টেন নির্বাচিত। সবকিছু অনেক আগেই নাম পাঠিয়ে দেওয়া হয়েছে আরো দেড়-দুই মাস আগে। আশা করছি, ওখানে তারা ভালো খেলবে, যেসব ভুল করেছে, সেগুলো শুধরে দেশের সুনাম অর্জন করবে। ওখান থেকে ফেরার পর আমরা সিদ্ধান্ত নেব যে কী করা যায়। তারপর অস্ট্রেলিয়া সফর আছে, নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছু করার আছে আমাদের, ইনশাআল্লাহ।’