দুই বছর বিরতি দিয়ে ফের জাতীয় দলের নির্বাচক প্যানেলে ফিরেছেন হাবিবুল বাশার সুমন। আগের দফায় নির্বাচকের ভূমিকায় থাকা সুমন এবার পালন করবেন প্রধান নির্বাচকের দায়িত্ব। চিরায়িত নিয়ম ভেঙে তিনজনের বদলে চারজনকে দেওয়া হয়েছে নির্বাচকের দায়িত্ব। সেখানে সুমনের পাশাপাশি থাকছেন আগে থেকে নির্বাচকের ভূমিকায় থাকা হাসিবুল হোসেন শান্ত। এছাড়া নতুন মুখ হিসেবে নির্বাচক প্যানেলে এসেছেন নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম।
নতুন দায়িত্ব নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, দায়িত্ব নিয়ে তার প্রথম লক্ষ্য একটা ভালো দল যেন বানাতে পারেন। এ নিয়ে তার ভাষ্য, ‘আমার মূল কনসার্ন আসলে আমি যেটা চিন্তা করি, সেই অনুযায়ী সঠিক টিমটা যেন করতে পারি।’ তবে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়। এ নিয়ে আপাতত কোনো চিন্তাভাবনা করছেন না সুমন।
তার কথায়, ‘সাহসী সিদ্ধান্ত নিতে হলে কিছুটা কথা শুনতে হয়। আমি যে সব সময় সঠিক হব—তা না। কিন্তু আমার হৃদয় যেটা বলে, আমার বিবেচনা যেটা বলে আমি সেটা করব। সেজন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনব, কোনো সমস্যা নেই।’
চার সদস্যের নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্তর আছে কাজ করার পূর্ব অভিজ্ঞতা। তবে এখানে একেবারেই নতুন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হতে পারে সেই ব্যাখ্যায় হাবিবুল বাশার সুমন বলেন, ‘নাঈম অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তার কাছে খুব ভালো ইনপুট আমরা পেতে পারব। এ বিষয়ে তার অভিজ্ঞতা অনেক। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ফার্স্ট ক্লাসে খেলেছেন। তো ঘরোয়া ক্রিকেটে কোন প্লেয়ারটা কেমন করছেন এই আইডিয়াটা তারা খুব ভালো দিতে পারবেন। আমার মনে হয় এটা ইতিবাচক দিক।’
নির্বাচক প্যানেলের দায়িত্ব পাওয়া নাদিফ চৌধুরী আমার দেশকে বলেন, ‘যেহেতু বছর দুই আগে খেলা ছেড়েছি। জুনিয়র লেভেলে কাজ করি। সবাইকে বেশ কাছ থেকে দেখেছি। আমার মনে হয়, আমাদের জন্য এতে কাজ করা সুবিধাজনক হবে।’