সিলেট টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের পেসার খুররম শাহজাদ দাবি করেছিলেন, লিটন দাস “লাকি” ছিলেন। কারণ সেঞ্চুরি করার পথে দুবার জীবন পেয়েছিলেন লিটন। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে হাস্যরসই বেছে নিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। সংবাদ সম্মেলনে লিটনের সংক্ষিপ্ত উত্তর, “লাকি? ঠিক আছে, লাকির দরকার আছে।”
তবে শুধু ভাগ্য নয়, নিজের ইনিংসের পেছনের পরিকল্পনার কথাও বিস্তারিত বলেছেন লিটন। তার মতে, ১১০ রানের আশপাশে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মূল লক্ষ্য ছিল দলকে অন্তত ২০০ রানের দিকে নিয়ে যাওয়া। কারণ তখন তার সঙ্গী ছিলেন টেইলএন্ডাররা। লিটন বলেন, “আমার টার্গেট ছিল কিভাবে টিমকে ২০০ রানের দিকে নেওয়া যায়। আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে।”
রাওয়ালপিন্ডি টেস্টেও সেঞ্চুরি করেছিলেন লিটন। সেই সেঞ্চুরির সঙ্গে এই ইনিংসের তুলনাও করেছেন তিনি। পার্থক্যও দেখিয়ে দিলেন। সেখানে মিরাজের মতো ব্যাটার সঙ্গী ছিলেন, কিন্তু এবার বেশিরভাগ সময়ই খেলতে হয়েছে বোলারদের নিয়ে। তাই এই ইনিংসকে তিনি ‘টোটালি ডিফারেন্ট’ বলেই মনে করছেন।
বিশেষ করে শরীফুল, তাইজুলদের নিয়ে স্ট্রাইক ম্যানেজ করার কাজটাকেই বড় চ্যালেঞ্জ মনে হয়েছে তার। তবে কিভাবে সফল হলেন? লিটন খোলাসা করলেন রহস্য। টেলএন্ডারদের কম বল খেলতে দেওয়ার পরিকল্পনা নিয়েই খেলছিলেন জানিয়ে এই ব্যাটার বলেন, “যত কম বল দেওয়া যায়, এক বা দুই বল—এই চিন্তাই ছিল,” বলেন লিটন।