টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের সেই সম্ভাবনা নেই বললেই চলে। তবে তারাও একটি লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অন্তত পাঁচে থেকে শেষ করতে চায় দলটি।
বুধবার ঢাকা টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষটা অন্তত জয় দিয়ে রাঙাতে চান তারা।
তিনি বলেন, ‘এ বছর চার টেস্টের দুটিতে জয়, এক ড্র এবং হেরেছি একটিতে। এই সিরিজে আমরা দুটি ম্যাচই জিততে চাই। এর ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বছর শেষ করতে পারব। আমাদের জন্য সেটা হবে দারুণ বড়দিনের উপহার।’
বাংলাদেশের কন্ডিশনে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই ম্যাচের ফল নির্ধারণের মূল চাবিকাঠি বলে মনে করেন রস্টন চেজ। তিনি বলেন, ‘দুই দলকেই একই উইকেটে খেলতে হবে। এখানে চার ইনিংসের খেলায় যে দল উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে।’
ঘোষিত স্কোয়াডের ১০ ক্রিকেটারেরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই তারা ভয়ডরহীনভাবে মাঠে নামুক। উইকেটে স্পিন হবে নাকি পেসাররা সুবিধা পাবে—এসব নিয়ে আগে থেকে বেশি ভাবতে চাই না। আমরা প্রতিটি বল ধরে খেলতে চাই।’
দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে চেজ জানান, প্রথম ইনিংসে ৩০০-এর বেশি রান তোলা ইতিবাচক হলেও দ্বিতীয় ইনিংসেও সেই ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।
বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে তিনি বলেন, তাদের বোলিং শক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এ ছাড়া সিরিজের আগে খেলোয়াড়দের চুক্তি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে চেজ জানান, দলের হয়ে প্রতিনিধিত্ব করার অঙ্গীকারে পরিবর্তন আসেনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে সেরা পারফরম্যান্স দিতে দলের সবাই উন্মুখ হয়ে আছেন।