বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) নিয়োগের ব্যাপারটি আলোচনায় ছিল বেশ লম্বা সময় ধরেই। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই নিয়োগ। আগামী কদিনের মধ্যেই বিসিবিতে যোগ দেবেন প্রধান অর্থ কর্মকর্তা। এছাড়া মানবসম্পদ বিভাগের প্রধান, আইটি প্রধান ও প্রকিউরমেন্ট প্রধানদের নিয়োগও চূড়ান্ত করেছে বিসিবি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক রাহাত শামস।
তিনি বলেন, ‘বর্তমানে পরিচালকরা বিসিবিতে এসে ম্যানেজমেন্টের কাজে বেশি মনোযোগী হন। তাদের কাজ মূলত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া ও পলিসি মেকিং। যেটা আসলে যে কোনো প্রতিষ্ঠানের পরিচালকদেরই কাজ হয়; কিন্তু বিসিবিতে সেটা হয় না। বিসিবিতে পরিচালকদের ম্যানেজমেন্টের কাজে মনোযোগী হতে হয়। সেই ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি এখন, তাতে বিসিবির কাজ আরো সহজ হবে।’
এছাড়া বিসিবির অরগানোগ্রামও চূড়ান্ত হয়েছে বলে জানান রাহাত শামস। সেই অরগানোগ্রাম অনুযায়ী বিসিবির সবকিছু এগোচ্ছে বলেও জানান তিনি। এই অরগানোগ্রাম অনুযায়ী বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রমোশন ও ইনক্রিমেন্ট হবে বলেও জানান এই পরিচালক। তার ভাষ্যমতে, পারফরম্যান্স অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারী এখন থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।