সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন সন্তোষজনক ছিল না। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের কয়েকজন। বোলারদের তালিকায় শীর্ষ দশে ঢুকেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী।
বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী। আর তাতে ১০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। এই সংস্করণে মেহেদীর ক্যারিয়ার সেরা অবস্থান অষ্টম।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে সেমিতে একটি উইকেট নিলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটশূন্য ছিলেন নাসুম। তবে সেদিনও বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন এই স্পিনার। এই পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে উঠে এসেছেন নাসুম। এই সংস্করণে দশম স্থান ছিল তার আগের সেরা অবস্থান।
এশিয়ান গেমসের দুই ম্যাচেই একটি করে উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার এখন আছেন ২৬ নম্বরে।
ব্যাটারদের মধ্যে তাওহিদ হৃদয়ের উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ৪২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৩০তম। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে এখনও তানজিদ হাসান। চার ধাপ পিছিয়ে এই ওপেনার যৌথভাবে আছেন ২১তম স্থানে।