সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফুটবলের এ সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেটাররাও। ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসা প্রকাশ করেছেন ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকে দিয়েছেন ফেসবুক পোস্ট।
শুক্রবার রাতে মালদ্বীপে ভারতের বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয় ম্যাচ। পরে অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি দুই দল। খেলা গড়ায় টাইব্রেকার। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বাংলাদেশের যুবারা। তাদের সাফল্যে অভিনন্দন জানাতে ভুলে যাননি ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ফেসবুক পোস্টে লেখেন, ‘দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। ভালো খেলেছে টিম বাংলাদেশ। অভিনন্দন।’ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘অভিনন্দন।’
তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন।’ এছাড়া মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লেখেন, ‘চ্যাম্পিয়ন মাশাল্লাহ। তরুণদের অভিনন্দন এই সাফল্যের জন্য।’
ভারতের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ম্যাচ জয় নিশ্চিত করায় বাংলাদেশকে অভিনন্দন জানান পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, স্পিনার রিশাদ হোসেনরা। ফুটবলের সাফল্যে প্রশংসায় ভাসিয়েছেন ফুটবলারদের। দেশবাসীর মতো তারাও সাফল্যের সঙ্গী হয়েছেন তারা।
সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলকে গতকাল দেওয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদের সাফল্যে সরকার ও ক্রিকেটারদের এমন উচ্ছ্বাস নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে তরুণ ফুটবলারদের।