বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম নাহিদ রানা। খেলা যে ফরম্যাটেই হোক- নাহিদ রানাকে নিয়ে আলোচনা হবেই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও তাকে নিয়ে হচ্ছে নানান আলোচনা। এই সিরিজে নাহিদ রানার মতো কাউকে পাওয়া বাড়তি সুবিধা বলে মনে করেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বৃহস্পতিবার মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমি বলব এখনো নতুন টেস্ট ক্রিকেটে। কিন্তু খুবই এক্সাইটিং। এবং একজন অধিনায়কের অধীনে যখন এ ধরনের একজন এক্সপ্রেস পেস বোলার থাকে তখন এটা অবশ্যই বাড়তি সুবিধা।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে নাহিদ রানা দারুণ কিছু করবে সেটা বিশ্বাস করেন অধিনায়ক শান্ত। তার কথায়, ‘আশা করব এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে। এবং আমি খুবই আশাবাদী ও যে ফর্মে আছে সেটা কন্টিনিউ করবে।’
এছাড়া দলের প্রস্তুতি নিয়ে শান্তর ভাষ্য ছিল, ‘দলের প্রস্তুতি সবসময় ওই রকম নেওয়া সম্ভব হবে না। কারণ সাদা বলে বেশ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু লাল বলে যারা খেলে, তারা লম্বা সময় ধরে কিন্তু প্রস্তুতির মধ্যে আছে। তো এই দিক থেকে আমি খুশি।’