উপমহাদেশের কন্ডিশন বরাবরই স্পিনসহায়ক। ফলে এই উপমহাদেশে স্পিন বোলিং মেশিন ব্যবহারের তেমন রেকর্ড খুঁজে পাওয়া যায় না। স্পিন বোলিংয়ের বিপক্ষে দেশের ব্যাটারদের উন্নতি করাতে এবার এই স্পিন বোলিং এনেছে বিসিবি। ‘মারলিন বাই বোলা’ নামে পরিচিত এই মেশিন বাংলাদেশে আনতে করছাড়া প্রায় ১০ হাজার পাউন্ড খরচ হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।
২০০৬ সালে ইংল্যান্ডে প্রথম ব্যবহার করা হয় মারলিন বাই বোলা। সে সময় থেকে ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে ব্যবহার করা হচ্ছিল এই মারলিন বাই বোলা মেশিনটি। প্রথম দিকে খানিকটা প্রযুক্তিগত ঘাটতি থাকলে, তা ঠিকঠাক করেছে ইসিবি। হেনরি প্রিয়র ও ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান স্টুয়ার্ট অ্যান্ড উইলিয়ামসের মাধ্যমে এই মেশিনের আধুনিকায়ন করা হয়।
এই স্পিন বোলিং মেশিন নিয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘এইটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং সোজা বলটা করা যায়।’ তিনি আরও যোগ করেন, ‘অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন ডানহাতি ব্যাটারের জন্য যদি অফ স্পিন হলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে চায়নাম্যান হবে। লেগ স্পিন চিন্তা করলে তাহলে বাঁহাতি বোলারের জন্য অফ স্পিন হবে। সব ধরনের স্পিনই খেলা যায়। যে বলটা আর্মার বল বলে সেই বলটাও খেলা যায়। তিন ধরনের বল খেলা যায়। লেন্থ পরিবর্তন করা যায়।’