হোম > খেলা > ক্রিকেট

আবারও মিরপুরে নাহিদের গতিঝড়

স্পোর্টস রিপোর্টার

ফরম্যাট বদল হয়, বদল হয় প্রতিপক্ষ! তবে মিরপুরে নাহিদ রানার গতির ঝড় আর থামে না। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফাইফারের পর আরো একবার পাঁচ উইকেট শিকার করলেন নাহিদ। এবার প্রতিপক্ষ পাকিস্তান আর ফরম্যাটটা টেস্ট। ওয়ানডে সিরিজে নাহিদ রানার পারফরম্যান্স দেখিয়েছিল আশা। সমর্থক আর টিম ম্যানেজমেন্টের ওই আশাকে তিনি হতাশায় পরিণত করেননি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নেন নাহিদ রানা। তাতে বাংলাদেশ নিশ্চিত করে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জয়। আর টানা তৃতীয় টেস্ট জয়।

প্রথম ইনিংসে পাকিস্তান সিরিজে বলার মতো কিছু করতে পারেননি নাহিদ। সেই ক্ষুধাটা সম্ভবত দ্বিতীয় ইনিংসের জন্য জমিয়ে রেখেছেন। একটু ভালো করে বললে দ্বিতীয় ইনিংস নয়, বলতে হবে পঞ্চম দিনের শেষ সেশনের জন্য। না হলে পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা নাহিদ কেন শেষ বেলাতেই জ্বলে উঠবেন! শেষ সেশনে মাত্র ২৯ বল করেন নাহিদ। এ সময় দুই মেডেন আর ১০ রান খরচায় তার শিকার ছিল চার উইকেট। আর পুরো ইনিংসে ৫৯ বল করে ৪০ রান খরচায় পাঁচ উইকেট!

শেষ সেশনে থিতু হয়ে থাকা সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান জুটি ভাঙেন নাহিদ রানা। এই জুটিই গলার কাঁটার মতো বিঁধে ছিল বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে। খানিকটা মুভমেন্ট থাকা বলে সৌদ শাকিলকে বোকা বানান। সেই ফাঁদে পা দিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন সৌদ। তাতে ভাঙে পাকিস্তানের ৬ষ্ঠ উইকেট জুটি।

তার বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১১ বল পরে। এবারও বোলার নাহিদ রানা। বের হয়ে যাবে ভেবে নাহিদ রানার বল ছেড়ে দেন এই ব্যাটার। তবে বলটা বের হয়ে যায়নি। দারুণ এক রিভার্স সুইপে বল গিয়ে সরাসরি আঘাত হানে স্টাম্পে। ১৪৭ কিলোমিটার ঘণ্টা গতির ওই বলের লাইন না বুঝে বোল্ড হওয়ায় খানিকটা হতাশার দেখা মিলেছিল রিজওয়ানের চোখে-মুখে। ফেরার আগে তার ব্যাটে আসে মোটে ১৫ রান।

শাকিল-রিজওয়ানের বিদায়ে শুরু হয় পাকিস্তানি টেলএন্ডার ব্যাটারদের লড়াই। এখানেও বাধা নাহিদ রানা। নোমান আলি আর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। ১৯ বলের ব্যবধানে তাদের আউট করে বাংলাদেশকে উপহার দেন ‘প্রথম’ ও ঐতিহাসিক জয়। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এর আগে কখনই পাকিস্তানকে ঘরের মাঠে হারানোর সুযোগ পর্যন্ত তৈরি করতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

শেষ স্পেলে চার উইকেট শিকারের আগে পাকিস্তানের ইনিংসের শুরুর ভাগে অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন নাহিদ রানা। সে সময়ও ব্রেক থ্রু এনে দিয়েছিলেন এই এক্সপ্রেস পেসার। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভালো বল করে দলকে সাফল্য এনে দেওয়া নাহিদে খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে নিজের ভালো লাগার কথা জানাতে ভুল করেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা জানি রানা কত স্পেশাল এবং কত জোরে বল করে; স্কিলটাও ধীরে ধীরে উন্নতি করেছে। অনেক উপভোগ করেছে। প্রতিপক্ষ যেভাবে ভয় পাচ্ছিল ওর বিপক্ষে, এটা দেখতেও অবশ্যই ভালো লাগে; খুবই খুশি। চেষ্টা ও ইচ্ছা থাকবে ও নিয়মিত দলের জন্য অবদান রাখবে।’

পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে নাহিদ রানার দারুণ বোলিং নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল। তবে সে ব্যাপারে তিনি সরাসরি কোনো কিছু বলতে রাজি নন। ছোট ভাষায় নাহিদকে নিয়ে শান মাসুদ বলেন, ‘সে তার পরিকল্পনা অনুযায়ী ভালো বল করেছে।’

ব্যাট হাতে শান্ত এখন অশান্ত

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ছয়ে বাংলাদেশ

যেখানে মুশফিকের সঙ্গে শীর্ষে শান্ত

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

সেরা খেলোয়াড়ের জন্য নতুন পুরস্কার আনছে বিসিবি

ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হারালো বাংলাদেশ

৫ম দিনের পরিকল্পনায় ৭৫ ওভার বোলিং করা

নাঈমের ঝড়ো সেঞ্চুরি ও মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে জিতল মোহামেডান

পাঁচ হাজারি ক্লাবে মমিনুল

মুমিনুল–নাজমুলের দৃঢ়তায় বাংলাদেশের লিড ১৭৯