টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একতরফা জয়ের মাধ্যমে শিরোপা জয়ের পরও ভারতকে নিয়ে আলোচনা থামছে না। ক্রিকেট বিশ্বের অনেকেই ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও ভিন্ন মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার মতে, ভারতের ক্রমবর্ধমান প্রভাব ক্রিকেটের জন্য ভালো নয়। ক্রিকেটকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে ভারত।
ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিং বোলিং ছিল দাপুটে। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে কিউইদের ৯৬ রানে হারিয়ে দেয় স্বাগতিকরা। এর মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। ম্যাচের পর পাকিস্তানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এর অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে অংশ নিয়ে ভারতের আধিপত্য নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন শোয়েব। তিনি বিষয়টিকে তুলনা করেন পাড়া-মহল্লার ক্রিকেটের সঙ্গে।
শোয়েবের ভাষ্য, ‘পাড়ায় সবসময় একজন ধনী ছেলে থাকে। সে গরিব বাচ্চাদের ডেকে বলে—চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই। ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আট দলের মধ্যে চারটি রাখে, পরে আবার সেখান থেকে তিনটিকে ডাকে এবং শেষ পর্যন্ত সামনে এগিয়ে যায়। তারপর বলে—দেখো, আমি জিতে গেছি। এভাবে তারা পুরো ক্রিকেটটাই শেষ করে দিয়েছে।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ক্রিকেটভক্তই ভারতের বড় জয়ের পর এমন মন্তব্যকে হতাশা বা তিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।