মেয়াদ শেষের পর বাড়তি সময় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাড়তি দায়িত্বটাও শেষ হয়েছে তার। বিদায়ী দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ড্রেসিংরুমে বিশেষ সম্মাননা দেয় বিসিবি। এ সময় তিন ফরম্যাটের তিন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচককে শুভেচ্ছা জানিয়ে ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আপনি চেষ্টা করেছেন সেরা দল করার জন্য। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপরে।’
তিনি আরো যোগ করেন, ‘দলের চিন্তা করে আপনি সব সময় ভালোটা করার চেষ্টা করেছেন এবং দলের ভালোর জন্য। এখানে কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না। অধিনায়কের সঙ্গে নির্বাচকদের সব সময় একটা হেলদি আর্গুমেন্ট চলতেই থাকে। আমাদের যেটা সব সময় ছিল এবং এই আর্গুমেন্ট আমি সব সময় উপভোগ করতাম।’
একই কথা জানিয়ে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি আপনার সঙ্গে কাজ করা বেশ উপভোগ করেছি। সামনের দিনের জন্য আপনাকে শুভকামনা। আশা করি, আপনি আমাদের জন্য দোয়া রাখবে। আপনাকে ধন্যবাদ।’ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, ‘আপনার যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের ফোন অ্যাভেইলেবেল।’
হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আপনার পক্ষ থেকে প্রচেষ্টা দারুণ ছিল। আমি আপনাকে নিয়ে খুশি। যুগ্মভাবে আমরা দারুণ এক অবস্থানে ছিলাম যেটা আসলে আমাদের জন্যই ছিল।’
সবশেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘অবশ্য ক্রিকেট আমার আবেগ। আমার ভালো লেগেছে, কারণ জয় দিয়ে শেষ করতে পেরেছি। এর জন্য তোমরা আমাকে গর্বিত করেছ। আমি প্রত্যেকটা ব্যক্তি, ক্রিকেটার ও কোচের ওপর খুশি। তারা আমাকে দারুণ সমর্থন দিয়েছে। এ কারণে তিন ফরম্যাটে দেশকে বড় সাফল্য এনে দিতে পেরেছি।
নিজের দুই বছর মেয়াদ কেমন কেটেছে সেই ব্যাখ্যায় আমার দেশকে লিপু বলেন, ‘এটা একটা দারুণ জার্নি ছিল এবং জার্নিটা শেষ করতে পারছি। আল্লাহর রহমতে উইনিং নোটে শেষ করতে পারাটা একটু ডেফিনেটলি স্বস্তির।’