পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হারে ছন্দপতন; সেই পাকিস্তানের বিপক্ষেই আবার জিতে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই জয়ে পুয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের পাশাপাশি ফাইনালে পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
ফয়সালাবাদে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে টাইগ্রেস অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। সাদিয়া আক্তার ৩৩ বলে ৩৩ রান করেন। বাকিদের মধ্যে ২২ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন ফারজানা ইয়াসমিম মেধা। ২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম।
জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল পাকিস্তানের। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করেন দুই ওপেনার। কোমাল খান ২৯ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। সমান বলে ৩২ রান করেন রাভাইল ফারহান।
তবে দুই ওপেনারের বিদায়ের পর খেলার গতি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়ে তাদের চেপে ধরেন টাইগ্রেস বোলাররা। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করেছেন।
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। তবে ৭ রানের বেশি নিতে পারেনি তারা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে থেমেছে পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফারজানা মেধা। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল- ১৩৯/৫
সাদিয়া আক্তার (৩৩), ফারজানা মেধা (২৮)
রোজিনা আকরাম- ২/২১
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল- ১২৬/৭
কোমাল খান (৩৬), রাভেইল ফারহান (৩২)
ফারজানা মেধা- ৩/২৫