বিসিবি নির্বাচন
বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ক্যাটাগরি-১ অর্থাৎ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ১৪ জন, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব থেকে ১৮ জন ও ক্যাটাগরি-সি থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ক্যাটাগরি-১ থেকে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনজন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বরিশাল বিভাগ থেকে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি থাকলে আপিল শুনানি শেষে আগামী ২৫ মে প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যদি মনোনয়ন বৈধ হয় এবং কোনো আপত্তি না থাকে তাহলে আগামী সোমবার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নির্বাচিত পরিচালক হিসেবে ঘোষণা করা হবে।
এই তিন বিভাগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেনÑরাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী।
এছাড়া ক্যাটাগরি-৩-তেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এই ক্যাটাগরি থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ফলে এই চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী সোমবার তাদের নির্বাচিত ঘোষণা করা হবে।
এছাড়া ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন- সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং জসিম উদ্দিন খান খসরু। চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া তিনজন হলেনÑমিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম অপু। বরিশাল বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব থেকে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৮ জন। তবে কে জমা দেননি তা জানায়নি নির্বাচন কমিশন।
আজ বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে আজ প্রকাশ করা হবে প্রার্থী তালিকা। তালিকা প্রকাশের পর থাকবে আপত্তি জানানোর সুযোগ। আপত্তি জমা হলে আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।